Assembly Election

নির্বাচনের আগে কড়া নজরদারি, তমলুক থেকে প্রায় এক কোটি নগদ উদ্ধার

গাড়ি, বাস ও বিভিন্ন নাকা পয়েন্ট থেকে উদ্ধার হওয়া এই বিপুল নগদের সঠিক হিসাব মেলেনি। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি জানানো হয়েছে আয়কর দফতরকে।

বাজেয়াপ্ত টাকা
নিজস্ব সংবাদদাতা, তমলুক
  • শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১১:৪৩

সামনেই বিধানসভা নির্বাচন। বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি জোরালো হয়েছে। কড়া নজরদারির মধ্যেই পূর্ব মেদিনীপুরের তমলুকে বড় অঙ্কের নগদ উদ্ধার। শুক্রবার সন্ধ্যায় তমলুক থানার নিকাশি বাজার এলাকায় নাকা তল্লাশি চলছিল। সেখানে একটি গাড়ি থেকে প্রায় এক কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সূত্রে জানা গিয়েছে, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং জোরদার করা হয়েছে। সেই সময় নিকাশি বাজার এলাকায় একটি গাড়িকে দেখে সন্দেহ হয়। গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান গোপালচন্দ্র মাইতি জানান, ওই টাকা নন্দকুমার শাখা থেকে ভবলপুর কৃষি সমবায় সমিতিতে নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁর দাবি, সদস্যদের ঋণ দেওয়ার উদ্দেশ্যেই এই টাকা স্থানান্তর করা হচ্ছিল। এই প্রক্রিয়া প্রতি বছরই নিয়ম মেনে করা হয়। প্রয়োজনীয় সমস্ত নথিপত্র তাদের কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি তিনি আরও জানান, এই ব্যাঙ্ক থেকে প্রতিবছর প্রায় ৬০০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়।

এর কিছুক্ষণের মধ্যেই নন্দকুমার থানার নরঘাট ব্রিজ এলাকায় নাকা তল্লাশি একটি বাসে তল্লাশি চালানো হয়। সেখানেও উদ্ধার হয় আরও ২৩ লক্ষ ৫১ হাজার টাকা। বাসে থাকা দুই যাত্রী এই বিপুল অঙ্কের নগদের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে পুলিশ জানিয়েছে।

এতেই শেষ নয়, মারিশদা এলাকাতেও পৃথক দুটি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তেলিপুকুরিয়া থেকে ২ লক্ষ ৪৫ হাজার এবং কালীনগর থেকে ১ লক্ষ ৩৪ হাজার ৮০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে খবর, নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি মেনে সমস্ত ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি আয়কর দফতরে জানানো হয়েছে। ঘটনাগুলি ঘিরে জেলায় বাড়ছে তৎপরতা ও নজরদারি।


Share