Assembly Election

পূর্ব মেদিনীপুরে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, স্পর্শকাতর বুথে নিজে যাচ্ছেন মনোজ আগরওয়াল

এ দিন বিকেলে জেলাশাসক নিরঞ্জন কুমার, এডিজি (পশ্চিমাঞ্চল) বিশাল গর্গ এবং জেলা পুলিশ সুপার অংশুমান সাহার উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অতীতে হিংসাপ্রবণ এলাকাগুলির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, পুর্ব মেদিনীপুর
  • শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৯:৫৯

শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে তিন দিনের সফরে এসে নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। শনিবার জেলায় পৌঁছেই তিনি জেলা প্রশাসনের সঙ্গে দীর্ঘ পর্যালোচনা বৈঠক করেন এবং বৈঠক শেষে স্পষ্ট বার্তা দেন স্পর্শকাতর বুথগুলিতে নিজে গিয়েই পরিস্থিতি পরিদর্শন করবেন। তাঁর কথায়, লক্ষ্য একটাই ভয় ও হিংসামুক্ত ভোট নিশ্চিত করা।

এ দিন বিকেলে জেলাশাসক নিরঞ্জন কুমার, এডিজি (পশ্চিমাঞ্চল) বিশাল গর্গ এবং জেলা পুলিশ সুপার অংশুমান সাহার উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অতীতে হিংসাপ্রবণ এলাকাগুলির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাত ৮টার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মনোজকুমার আগরওয়াল জানান, রাত ৮টার পর বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিইও মনোজ আগরওয়াল আসন্ন নির্বাচন নিয়ে কমিশনের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, “এই জেলায় ১৬টি বিধানসভা আসন এবং প্রায় ৪০ লক্ষের বেশি ভোটার রয়েছেন। কমিশনের প্রাথমিক লক্ষ্য হল, এখানে সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা।” তিনি স্পষ্ট করে দেন, প্রত্যেক ভোটার যাতে কোনও ভয়ভীতি ছাড়াই নিজের ইচ্ছামতো ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতেই এই সফর তাঁর।

বিগত নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে মনোজকুমার জানান, ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর যে সব এলাকায় আইনশৃঙ্খলা সমস্যা তৈরি হয়েছিল, সেই স্পর্শকাতর অঞ্চলগুলি রবিবার তিনি সরেজমিনে পরিদর্শন করবেন। জেলাশাসককে সঙ্গে নিয়ে ওই সব এলাকায় গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তাঁদের আশ্বস্ত করবেন যে অবাধ ভোটের পরিবেশ বজায় রাখতে কমিশন ও প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে।

রাজনৈতিক মহলের মতে, অতীতের হিংসাপ্রবণ বুথগুলিতে কমিশনের এই সরাসরি নজরদারি পূর্ব মেদিনীপুরে নির্বাচনের আগে নিরাপত্তা আরও জোরদার হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।


Share