Assembly Election

ভোটের দিনে খয়রাশোলে রণক্ষেত্র! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, ইভিএমে তৃণমূল প্রার্থীর বোতাম টিপলেও ভোট পড়ছে বিজেপি প্রার্থীর পক্ষে। এই অভিযোগ সামনে আসতেই উত্তেজনা ছড়ায়।

কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা
নিজস্ব সংবাদদাতা, খয়রাশোল
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০৮:৫১

রণক্ষেত্র বীরভূমের খয়রাশোল। এলাকায় কার্যত খণ্ডযুদ্ধের চেহারা নিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার অভিযোগ উঠেছে। ভাঙচুর হয়েছে একাধিক পুলিশের গাড়ি। বিকেল ৪টের বীরভূম ও মুর্শিদাবাদে অশান্তির আশঙ্কা করেছিল নির্বাচন কমিশন, আর ঠিক সেই সময়েই খয়রাশোল থেকে সংঘর্ষের খবর সামনে আসে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আগ্নেয়াস্ত্র নিয়ে নামতে হয়েছে।

অভিযোগ, ইভিএমে তৃণমূল প্রার্থীর বোতাম টিপলেও ভোট পড়ছে বিজেপি প্রার্থীর পক্ষে। এই অভিযোগ সামনে আসতেই উত্তেজনা ছড়ায়। দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথে প্রায় ২০০টি ভোট পড়ার পর বিষয়টি ধরা পড়ে বলে দাবি করা হয়েছে। এরপরই বিক্ষোভ শুরু হয়।

ঘটনার খবর প্রশাসনকে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। অন্য দিকে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের তীব্র বচসা শুরু হয়। যা দ্রুত সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। বেধড়ক মারধর করা হয়। এতে ছ’জন জওয়ান ও গাড়ির চালক আহত হন। একাধিক গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, তারা বেশিরভাগই স্থানীয় তৃণমূল কর্মী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ছত্রভঙ্গ করতে পুলিশকে পিস্তল উঁচিয়ে এগোতে দেখা যায়। পরিস্থিতি এখনও থমথমে।


Share