Assembly Election

ভোটের মুখে শহরে উদ্ধার বিপুল নগদ টাকা, তুলে দেওয়া হল আয়কর দফতরের হাতে, গ্রেফতার দু’জন

বড়বাজার থানা এলাকায় এমজি রোড ক্রসিংয়ে দীনেশ ঘোয নামে এক যুবকের কাছ থেকে ১৬ লক্ষ ৪০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। পোস্তা থানার এলাকা থেকে চার লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে সুনীলকুমার আগরওয়াল বলে এক যুবককে আটক করা হয়েছে।

নির্বাচন আবহে কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১০:৪৭

বিধানসভা নির্বাচনের আবহে ফের শহরে উদ্ধার হল বিপুল পরিমান নগদ টাকা। মঙ্গলবার সকালে দু’টি জায়গায় নাকা তল্লাশির সময় এই বিপুল পরিমাণ নগদ টাকা ধরা পড়েছে। পৃথক দু’টি ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকালে ১০টা নাগাদ কমিশনের স্টাটিক সার্ভিলিএন্স দল নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই সময় শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িকে আটকায়। গাড়িতে থাকা যাত্রীর ব‍্যাগে তল্লাশি চালাতে গিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ফজলুর রহমানের কাছ থেকে ১৬ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি কেন এত টাকা নগদ নিয়ে যাচ্ছিলেন তা দেখাতে পারেননি। তাঁকে গ্রেফতার করা হয়। ফজলুর রহমান নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা। তাঁর সঙ্গে থাকা বিবেক ওঝা নামে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে। তিনি হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা। নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। কোথায় এত টাকা নিতে যাচ্ছিলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন‍্যদিকে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নিউ মার্কেটে নাকা তল্লাশির সময় বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সেই সময় একটি গাড়িকে আটক করা হয়েছিল। তা থেকে ২০ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। গাড়ির মালিকের নাম বসন্ত সোনি। তিনি লেক টাউনের বাসিন্দা। তাঁর দাবি, তিনি বাড়ি থেকে টাকা ব‍্যাঙ্কে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। পরে আয়কর দফতরকে খবর দেওয়া হয়। নিউ মার্কেট থানায় যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তা হস্তান্তর করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বসন্তকে গ্রেফতার করা হয়েছে। 

এ ছাড়াও, বড়বাজার থানা এলাকায় এমজি রোড ক্রসিংয়ে দীনেশ ঘোয নামে এক যুবকের কাছ থেকে ১৬ লক্ষ ৪০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। পোস্তা থানার এলাকা থেকে চার লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে সুনীলকুমার আগরওয়াল বলে এক যুবককে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, দু’‌দিন আগেই  টালিগঞ্জে একটি গাড়ি থেকে নগদ লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। যাঁর গাড়িতে নগদ মিলেছিল, তাঁর নাম আশুতোষ আগরওয়াল। ওই টাকা আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তা হিসাব বহির্ভূত কি না, খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানায় কলকাতা পুলিশ।


Share