Kejriwal's Legal Move

মমতার পথেই কেজরীওয়াল, দিল্লি হাই কোর্টে আবগারি মামলায় নিজেই সওয়াল করবেন আম আদমি পার্টির প্রধান

আবগারি দুর্নীতি মামলায় কেজরীওয়াল, মনীশ সিসৌদিয়া-সহ মোট ২৩ জন অভিযুক্তকে গত ২৭ ফেব্রুয়ারি দিল্লির নিম্ন আদালত অব্যাহতি দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সিবিআই হাই কোর্টের দ্বারস্থ হয়।

অরবিন্দ কেজরীওয়াল
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৯:২০

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এবার হাঁটতে চলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। আবগারি দুর্নীতি মামলায় সোমবার দিল্লি হাই কোর্টে তিনি নিজেই সওয়াল করবেন বলে রবিবার দলীয় সূত্রে জানানো হয়েছে। এই মামলায় বিচারপতি বদলের দাবিতে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে আপ। এর আগে এসআইআর-সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আবগারি দুর্নীতি মামলায় কেজরীওয়াল, মনীশ সিসৌদিয়া-সহ মোট ২৩ জন অভিযুক্তকে গত ২৭ ফেব্রুয়ারি দিল্লির নিম্ন আদালত অব্যাহতি দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সিবিআই হাই কোর্টের দ্বারস্থ হয়। শুনানিতে বিচারপতি স্বর্ণকান্ত শর্মা মন্তব্য করেন, নিম্ন আদালতের নির্দেশে ত্রুটি রয়েছে, এবং ওই রায়ের উপর ১৬ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়।

এর পরেই আপ-এর তরফে বেঞ্চ পরিবর্তনের আবেদন জানানো হয়। ডিকে উপাধ্যায়ের কাছে লিখিতভাবে দাবি করা হয়, বিচারপতি শর্মা নিরপেক্ষ নন এবং পক্ষপাতদুষ্ট মনোভাব নিয়ে মামলাটি দেখছেন। তবে প্রধান বিচারপতি প্রথম পর্যায়ে সেই আবেদন খারিজ করে দেন এবং সিবিআই-কে এ বিষয়ে মত জানাতে বলেন। পরবর্তী শুনানির দিন ধার্য হয় ৬ এপ্রিল।

প্রধান বিচারপতির কাছে আবেদন খারিজ হওয়ার পর আপ-এর পক্ষ থেকে সরাসরি বিচারপতি শর্মার কাছেই মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন জানানো হয়েছে। সেই বিষয়েই সোমবার আদালতে নিজে বক্তব্য রাখবেন কেজরীওয়াল। দলের দাবি, বিচারপ্রক্রিয়ায় নিরপেক্ষতার স্বার্থেই এই আবেদন জরুরি।

এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপি। দলের দিল্লি মুখপাত্র প্রবীণ শঙ্কর কপূর সমাজমাধ্যমে লেখেন, ‘‘এই সিদ্ধান্ত কেজরীওয়ালের আসল রূপ প্রকাশ করে দিল। মামলা অন্য বেঞ্চে স্থানান্তরের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তিনি নিজেই এখন সংশ্লিষ্ট বিচারকের কাছে মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন করবেন।’’

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরীওয়াল। কিছু সময় তাঁকে তিহাড় জেলে থাকতে হয়। গ্রেফতার হওয়ার পরও তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি, ফলে পদে থেকে জেল খাটা দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নজির গড়েন। পরে দিল্লি বিধানসভা নির্বাচনে আপ পরাজিত হলে ক্ষমতায় আসে বিজেপি। ফেব্রুয়ারিতে মামলায় অব্যাহতি পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন কেজরীওয়াল।


Share