Election Commission

সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাতেই ফ্রিজ ভোটার তালিকা, বাদ গেল প্রায় ২৭ লক্ষ নাম

সাপ্লিমেন্টারি লিস্টে যেসমস্ত ভোটারদের নাম ডিলিটেড অর্থাৎ বাদ পড়েছে তাদের ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। কিন্তু সেই নামগুলি ভোটার তালিকায় সংযোজিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১১:৪২

সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি ছিল। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আজ অর্থাৎ ৬ এপ্রিল রাতে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে পারে। এর ফলে নির্বাচন কমিশন সোমবার রাতেই ভোটার তালিকা ফ্রিজ করতে চলছে। সাপ্লিমেন্টারি লিস্টে যেসমস্ত ভোটারদের নাম ডিলিটেড অর্থাৎ বাদ পড়েছে তাদের ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। কিন্তু সেই নামগুলি ভোটার তালিকায় সংযোজিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রথম দফার ভোটার তালিকা প্রকাশ করেছিল। ২৮ তারিখ পর্যন্ত যে নামগুলির নিষ্পত্তি হয়েছিল সেগুলিকে যোগ্য ভোটার হিসাবে ধরা হয়।এ ছাড়া, যে সমস্ত ভোটারের নাম যাচাই এবং নিষ্পত্তির জন্য বিচারকদের কাছে পাঠানো হয়েছিল, তাঁদের নামের পাশে লেখা ছিল ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’। সেই বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল প্রায় ৬০ হাজার। সেই ভোটারদের নথি যাচাই ও নিষ্পত্তি করার কাজ শুরু করেন হাই কোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসারেরা। সোমবার সন্ধ্যা পর্যন্ত ৬০ লক্ষ ছ'হাজার ৬৭৫ জনের অর্থাৎ ‘বিবেচনাধীন’ সব ভোটারের নথি যাচাই সম্পূর্ণ হয়েছে বলে জানাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের দফতর।

এই ৬০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৪৫ শতাংশ ভোটারের নাম অর্থাৎ প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ হয়েছে। এই ২৭ লক্ষ ভোটারের নাম বিধানসভা নির্বাচনের আগে আর তালিকায় যুক্ত হওয়ার সুযোগ প্রায় নেই। নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রথম দফা ভোটের আগে ভোটার তালিকা ফ্রিজ করে দিতে হয়। তবে রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকেই যদি জোর কদমে ট্রাইবুনালের কাজ শুরু হয়, তা হলে দ্বিতীয় দফার ভোট (২৯ এপ্রিল)-এর মনোনয়নের শেষ দিন অর্থাৎ ৯ তারিখের মধ্যে কিছু ভোটারের কাজ ট্রাইবুনালের শেষ হয়, সেই নাম ভোটার তালিকায় যুক্ত হতে পারে বলে জানাচ্ছে সিইও অফিস।

নির্বাচন কমিশন সূত্রের খবর, খুব শীঘ্রই ট্রাইবুনালের থেকে আবেদন করা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি শুরু হবে বলে আশা করা হচ্ছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার ট্রাইবুনালের কাজের জন্য নিয়ম তৈরির কাজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাই কোর্টের প্রধান বিচারপতিকে তিন জন প্রাক্তন প্রধান বিচারপতি বা বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। প্রধান বিচারপতি এই কমিটি একটি নির্দিষ্ট প্রক্রিয়া ঠিক করবে, যা ১৯টি ট্রাইবুনালকেই বাধ্যতামূলক ভাবে অনুসরণ করতে হবে।


Share