Assembly Election

সঙ্ঘের প্রচারক থেকে বিজেপির শীর্ষে, মনোনয়ন দাখিল করলেন দিলীপ ঘোষ, কত সম্পত্তি বাড়ল?

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে খুনের চেষ্টা, দাঙ্গায় উসকানি, একাধিক মামলায় অভিযুক্ত তিনি। সবমিলিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে। তবে কোনওটির ক্ষেত্রেই চার্জগঠন হয়নি।

মনোনয়ন জমা দিলেন দিলীপ ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৫:০৬

আরএসএস-এর প্রচারক থেকে রাজ্য বিজেপির শীর্ষ পদে বসেছিলেন। এর পর বিধায়ক, সাংসদ হয়েছিলেন দিলীপ ঘোষ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় তিনিই সভাপতি ছিলেন। কিন্তু আশানুরূপ ফল পায়নি বিজেপি। ৭৭টি আসনেই বিজেপির রথ থামিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। ২০২৪ এর লোকসভা ভোটে দুর্গাপুর-আসানসোল কেন্দ্র থেকে হেরেছিলেন দিলীপ ঘোষ। আচমকাই দলের সঙ্গে যেন সাময়িক দূরত্ব তৈরি হয়। এই মধ্যে জীবনে বড় পরিবর্তন। একদা আরএসএস-এর প্রচারক দিলীপ সাত পাকে বাঁধা পড়েছেন। তার পরেও দলীয় কোনও সভায় তাঁকে হাজির হতে দেখা যায়নি। আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপি আবার দিলীপকে ফিরিয়ে এনেছে। খখড়্গপুর সদর বিধানসভা থেকে তাঁকে ফের বিজেপি তাঁকে প্রার্থী করেছে।

বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ বছর ভোটের হলফনামায় দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারেরও সম্পত্তির খতিয়ান দেওয়া হয়েছে। কত আয় দিলীপ ঘোষের, সম্পত্তি কত, আর গাড়ি-গয়নাই বা কত? এ সম্পর্কে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় কী জানিয়েছেন দিলীপ?

খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হলফনামায় বিস্তারিত তথ্যে দিয়েছেন। ২০২৪-২৫ সালে আয়কর রিটার্ন করেছেন ১৩ লক্ষ ৪৬ হাজার ৮৮০ টাকা, ২০২৩-২৪ সালে ন’লক্ষ ৩৩ হাজার ৯৫০ টাকা, ২০২২-২৩ সালে ১৩ লক্ষ ৫০ হাজার ৮৬০ টাকা, ২০২১-২২ সালে সাত লক্ষ ৭২ হাজার ২৩০ টাকা আয়কর রিটার্ন জমা দিয়েছেন দিলীপ।

দিলীপ ঘোষের আয়ের তথ্য থেকে স্পষ্ট  ২০২১-২২ থেকে  পরপর বছরগুলিতে আয় একটু একটু করে বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে কিছুটা কমলেও ২০২৪-২৫ অর্থবছরে আবার আয় বৃদ্ধি পেয়ে ১৩ লক্ষের গন্ডি পার করে গিয়েছে। তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের আয়ের হিসেবও হলফনামায় উল্লেখ করছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে বলা আছে, ২০২৪-২৫ সালে ছ’লক্ষ ৬৬ হাজার ৪২০ টাকা, ২০২৩-২৪ সালে ছ’লক্ষ ১১ হাজার, ২০২২-২৩ সালে চার লক্ষ ৯৯ হাজার ৬০০ টাকা, ২০২১-২২ সালে চার লক্ষ ৯৯ হাজার ৮২০ টাকা।

হলফনামা অনুসারে, মনোনয়ন জমার সময় দিলীপের হাতে ছিল তিন লক্ষ ৫০ হাজার টাকা। তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের হাতে ছিল পাঁচ লক্ষ টাকা। এর সঙ্গে দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্ক মজুমদারের একাধিক ব্যাঙ্কে টাকা রাখা আছে। পোস্ট অফিসেও বিভিন্ন স্কিমে টাকা রাখেন দিলীপ-রিঙ্কু। তাঁদের দু’জনের অস্থাবর সম্পত্তির পরিমাণ (হাতে থাকা নগদ সহ) - দিলীপের ২৮ লক্ষ ৭৫ হাজার ৮০৫ টাকা, রিঙ্কুর ২২ লক্ষ ৯৮ হাজার ৩০১ টাকা।

স্থাবর সম্পত্তি হিসেবে ফলকনামায় দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রায় ১.৮৮ একর কৃষিজমি রয়েছে। এ ছাড়াও, রয়েছে দু’টি ফ্ল্যাট। একটি  ৮০০ বর্গ ফুট এবং অন‍্যটি তিন হাজার ৪৮৩ ফুটের। যার বর্তমান মূল্য  এক কোটি ৮৫ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা। তাঁর স্ত্রীরও এক হাজার ৩০৭ বর্গ ফুটের কমার্শিয়াল বিল্ডিংয়ের মালিকানা রয়েছে।  আছে ফ্ল্যাটও। সবমিলিয়ে মোট ৭০ লক্ষ টাকার সম্পত্তির মালিক রিঙ্কু মজুমদার। দিলীপ ঘোষের নিজস্ব গাড়ি নেই ঠিকই, তবে রিঙ্কু মজুমদারের একটি চার চাকা গাড়ি আছে। দিলীপ ঘোষের সোনা-দানা নেই বলেই হলফনামায় উল্লেখ করা হয়েছে।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে খুনের চেষ্টা, দাঙ্গায় উসকানি, একাধিক মামলায় অভিযুক্ত তিনি। সবমিলিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে। তবে কোনওটির ক্ষেত্রেই চার্জগঠন হয়নি।


Share