Ashoknagar Robbery Shot

ঝড়বৃষ্টির রাতে অশোকনগরে শুটআউট, ব্যবসায়ীর গলার সোনার চেন লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা

তাঁর গলায় থাকা সোনার চেন ও লকেটের আনুমানিক বাজারমূল্য দেড় থেকে দু’লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় অশোকনগর থানার পুলিশ।

ব্যবসায়ী রাকেশ মন্ডল
নিজস্ব সংবাদদাতা, অশোকনগর
  • শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ০২:০৩

ভোটের আবহে আবারও দুষ্কৃতী তাণ্ডব উত্তর ২৪ পরগনার অশোকনগরে। সোমবার রাতে রাজীবপুর এলাকায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে চার দুষ্কৃতীর বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান আক্রান্ত ব্যবসায়ী। তাঁর গলায় থাকা সোনার চেন ও লকেটের আনুমানিক বাজারমূল্য দেড় থেকে দু’লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছোয় অশোকনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজীবপুরের বাসিন্দা ৩৬ বছরের রাকেশ মণ্ডলের একটি মুদিখানা দোকান রয়েছে। সোমবার রাতের ঝড়বৃষ্টির মধ্যে দোকান বন্ধ করে পাশের এক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে পৌঁছোতেই দুটি মোটরবাইকে চেপে আসা চার দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়।

রাকেশ মণ্ডলের দাবি, মুখ ঢাকা অবস্থায় থাকা দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর গলার সোনার চেন ও লকেট ছিনিয়ে নেয়। এরপর পালানোর সময় এক দুষ্কৃতী বাইকে উঠতে গিয়ে হোঁচট খেলে তাকে ধাওয়া করেন রাকেশ। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার ধারের একটি গাছে গিয়ে লাগে।

অভিযোগ, এরপরও দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে রাজীবপুর থেকে ঈশ্বরীগাছা পর্যন্ত যান রাকেশ। তাঁর বয়ান অনুযায়ী, মাঝপথে এক দুষ্কৃতী বাইক থেকে নেমে পালিয়ে যায়, বাকি তিন জন দ্রুত এলাকা ছাড়ে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।


Share