Police Suspended

তৃণমূল নেতাকে গাড়ি করে মহকুমাশাসকের অফিসে পৌঁছে দিলেন থানার আইসি, নজরে আসতেই কমিশনের নির্দেশে সাসপেন্ড করল রাজ‍্য পুলিশ

অর্জুন সিংহ দাবি করেন, “পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষ আচরণ নিশ্চিত করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। কিন্তু অভ্যাস, অভ্যাসই। নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে পুলিশের গাড়িতে করে এসডিও অফিসে পৌঁছে দিয়েছিলেন নৈহাটি থানার আইসি।”

নৈহাটি থানার আইসিকে সাসপেন্ড করল রাজ্য পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ০১:২৯

নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করল রাজ‍্য পুলিশ। অভিযোগ, নৈহাটি পুরসভার তৃণমূলের চেয়ারম্যানকে পুলিশের গাড়িতে চাপিয়ে মহকুমাশাসকের দফতরে পৌঁছে দিয়েছেন ওই পুলিশ আধিকারিক। খবর প্রকাশ‍্যে আসতেই নির্বাচন কমিশন রাজ্য পুলিশকে সাসপেন্ড করার নির্দেশ দেয়। তাঁর জায়গায় প্রকাশ ধারাকে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, মহাবীরের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন না পর্যন্ত পরবর্তী নির্দেশ আসছে, তত দিন তিনি নৈহাটি থানার দায়িত্ব সামলাবেন।

সোমবার নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-র মনোনয়নপত্র জমা দিতে মহকুমাশাসকের দফতরে যান। সেখানে নৈহাটি পুরসভার তৃণমূলের চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় উপস্থিত হন। অভিযোগ, অশোককে পুলিশের গাড়িতে চাপিয়ে মহকুমাশাসকের দফতরে নিয়ে যান নৈহাটি থানার আইসি মহাবীর বেরা। বিজেপি তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছিল।

সোমবার নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী অর্জুন সিংহ সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। তাতে তিনি দাবি করেন, “পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষ আচরণ নিশ্চিত করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। কিন্তু অভ্যাস, অভ্যাসই। নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে পুলিশের গাড়িতে করে এসডিও অফিসে পৌঁছে দিয়েছিলেন নৈহাটি থানার আইসি। অশোক তৃণমূল প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়ায় যোগ দিতে গিয়েছিলেন।’’ ওই ভিডিয়োয় দেখা যায়, পুলিশের গাড়ি থেকে নামছেন অশোক।

অর্জুন সিংহের ভিডিয়ো প্রকাশ‍্যে আসতেই শোরগোল পড়ে যায়। তাত পরেই ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটকে পদক্ষেপ করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তার পরেই ইন্সপেক্টর মহাবীর বেরাকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। ওই থানারই সেকেন্ড অফিসার প্রকাশ ধারাকে ভারপ্রাপ্ত আইসি হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেট।


Share