Assembly Security Breach

মূল গেট ভেঙে বিধানসভা চত্বরে ঢুকে পড়ল গাড়ি, নিরাপত্তা ব্যবস্থায় বড় প্রশ্ন দিল্লিতে

এ দিন দিল্লি বিধানসভার মূল গেট ভেঙে গাড়িটির এলাকায় ঢুকে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায় নিরাপত্তা কর্মীদের মধ্যে। গাড়িটি গেট ভেঙে ঢুকে বিধানসভা চত্বরে কিছুটা ঘুরে আবার বেরিয়ে যায়।

দিল্লি বিধানসভার মূল গেট চত্বরে ঢুকে পড়েছিল গাড়ি
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৩:৩৬

সোমবার দিল্লি বিধানসভায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা সামনে এসেছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে গেট ভেঙে ঢুকল গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে কর্মচারী-সহ নিরাপত্তারক্ষীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এ দিন দিল্লি বিধানসভার মূল গেট ভেঙে গাড়িটির এলাকায় ঢুকে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায় নিরাপত্তা কর্মীদের মধ্যে। গাড়িটি গেট ভেঙে ঢুকে বিধানসভা চত্বরে কিছুটা ঘুরে আবার বেরিয়ে যায়। গাড়িটি কার, গাড়িটিতে কে বা কারা ছিল, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু হয়েছে। গাড়িটি এবং সেটির চালকের খোঁজ শুরু করা হয়েছে। ওই ঘটনার সময়ে কারা ছিলেন দায়িত্বে, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিধানসভায় প্রবেশের পর গাড়িটি কিছুক্ষণ ভেতরে ছিল। তারপর গাড়িটি বেরিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে অদৃশ্য হয়ে যায়।


দিল্লি সচিবালয়ের এক আধিকারিক জানিয়েছেন, গাড়ির চালক স্পিকারের দফতরের সামনে গিয়ে একটি ফুলের তোড়া রেখে দেন। এরপরই তিনি সেখান থেকে সরে পড়েন। শুধু তাই নয়, স্পিকারের গাড়ির দিকেও কালি ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে আরও প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার দুপুর দু'টা নাগাদ দিল্লি বিধানসভার দু'নম্বর গেট ভেঙে সাদা রঙের একটি গাড়ি ঢুকে পড়ে। সূত্রের খবর, উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন নম্বর ছিল গাড়িটিতে। গাড়ির চালকের মুখ ঢাকা ছিল বলে সূত্রের খবর। গেট ভেঙে ঢোকার পরেও কী ভাবে সেটি বেরিয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্পিকারের গাড়ির সামনে ফুলের স্তবক রাখা দেখে নিরাপত্তা রক্ষীরা সতর্ক হন। বম্ব ডিসপোজাল স্কোয়াড দ্রুত এলাকায় পৌঁছয়। যদিও ওই ফুলের স্তবকে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি বাজেট অধিবেশন চলাকালীন বিধানসভায় বোমা হুমকির ঘটনাও সামনে এসেছিল। তার কিছুদিনের মধ্যেই এই ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। প্রশাসনের মতে, দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


Share