Shoot Out

সন্দেহের বশে প্রতিবেশীর কিশোরীকে গুলি করে খুন, পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

অভিযোগ, সানজুরা বেগম মেয়েকে পালাতে সাহায্য করেছে। এই ধারণা থেকেই লাল মিঞা কিশোরীকে লক্ষ্য করে গুলি চালায়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর
  • শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০১:৩৬

উত্তর দিনাজপুরে প্রতিবেশীর রাগের বলি হয়ে এক কিশোরী প্রাণ হারাল। রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত গোবিন্দপুর পঞ্চায়েতের নন্দ লাড়ুখুয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

মৃত কিশোরীর নাম সানজুরা বেগম। সে আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় বাসিন্দা লাল মিঞার মেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে সানজুরার প্রতি সন্দেহ তৈরি হয়। মেয়েটির বাড়ির তরফে মনে করা হয় সানজুরাই তাকে পালাতে সাহায্য করেছিল। এই সন্দেহ থেকেই অভিযুক্তের মনে ক্ষোভ জমে ওঠে।

অভিযোগ, সেই আক্রোশেই রবিবার রাতে লাল মিঞা সানজুরাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি গিয়ে কিশোরীর সোজা বুকে লাগে। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তাকে ধরতে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে। ইসলামপুরের পুলিশ সুপার রাকেশকুমার সিং জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, একটি সাধারণ সন্দেহ থেকেই এমন নৃশংস পরিণতি মেনে নেওয়া যায় না।


Share