Weather Update

ওড়িশায় ঘূর্ণাবর্ত আর উত্তরপ্রদেশে সুস্পষ্ট নিম্নচাপ, পরপর চার দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে। কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১২:০৬

ওড়িশায় ঘূর্ণাবর্ত আর উত্তরপ্রদেশে একটি সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই জোড়া ফলার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে। কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত অন্তত চার দিন বৃষ্টি চলবে চলবে রাজ্যে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে বুধবার। কালবৈশাখী ঝড়বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেমঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় ও সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ বাকি সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বুধবার কালবৈশাখীর দুর্যোগের আশঙ্কা রয়েছে।

পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া এবং হুগলি জেলাতে ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কলকাতা শহর এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ঝড়বৃষ্টি চলবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া।বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। উইকেন্ডে শনি ও রবিবার শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গে আজ, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।বুধবার কালবৈশাখী ঝড়বৃষ্টির দুর্যোগ বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা কিছু এলাকায়। সম্ভাবনা বেশি থাকবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃহস্পতিবার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।


Share