Special Intensive Revision

বাংলাদেশের সীমান্তবর্তী জেলায় বিচারাধীন ভোটার বাদ পড়ার সংখ্যা সর্বাধিক, তালিকার শীর্ষে মুর্শিদাবাদ, বলছে কমিশনের পরিসংখ্যান

পূর্ব বর্ধমান জেলা থেকে দু’লক্ষ ন’হাজার ৮০৫ জনের নাম বিচারাধীনের তালিকা থেকে বাদ পড়েছে। হাওড়া জেলা থেকে এক লক্ষ ৩২ হাজার ১৫১ জনের নাম বিচারাধীনের তালিকা থেকে বাদ পড়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১২:০৭

বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে বিচারাধীন ভোটারের সংখ্যা যেমন বেশি সেই সঙ্গে লম্বা হয়েছে ভোটার বাদ যাওয়ার তালিকা। বাদের তালিকার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা।

কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিবেচনাধীন তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। ওই জেলায় বিচারাধীন ভোটার সংখ্যা ছিল ১১ লক্ষ এক হাজার ১৪৫ জন। ওই জেলায় বিবেচনাধীন ভোটারদের মধ্যে চার লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ পড়েছে। ২৮ ফেব্রুয়ারির তালিকায় ওই জেলা থেকে বাদ গিয়েছিল দু’লক্ষ ৯৩ হাজার ৮২২ জনের নাম। বিবেচনাধীনদের হিসাব প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে, ওই জেলা থেকে বাদ পড়েছে মোট ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯ জনের নাম।

উত্তর ২৪ পরগনায় বিবেচনাধীন ভোটারদের মধ্যে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের নাম বাদ পড়েছে। ২৮ ফেব্রুয়ারির তালিকা ধরলে ওই জেলা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৬০ হাজার ৯৬। দক্ষিণ ২৪ পরগনায় দু’লক্ষ ২২ হাজার ৯২৯ জনের নাম বিচারাধীনের তালিকা থেকে বাদ পড়েছে।

২৮ ফেব্রুয়ারির তালিকায় মালদহ থেকে বাদ পড়েছিল ২ লক্ষ ২০ হাজার ১৫৫ জনের নাম। বিবেচনাধীনদের তালিকা প্রকাশের পর ওই জেলা থেকে বাদ পড়ল মোট ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জনের নাম। নদিয়া জেলার ভোটার তালিকা থেকে দু’লক্ষ ৮ হাজার ৬২৬ জনের নাম বিচারাধীনের তালিকা থেকে বাদ পড়েছে। উত্তর দিনাজপুর জেলা থেকে এক লক্ষ ৭৬ হাজার ৯৭২ জনের নাম বিচারাধীনের তালিকা থেকে বাদ পড়েছে। কোচবিহার জেলা থেকে এক লক্ষ ২০ হাজার ৭২৫ জনের নাম বিচারাধীনের তালিকা থেকে বাদ পড়েছে।

এ ছাড়াও, পূর্ব বর্ধমান জেলা থেকে দু’লক্ষ ন’হাজার ৮০৫ জনের নাম বিচারাধীনের তালিকা থেকে বাদ পড়েছে। হাওড়া জেলা থেকে এক লক্ষ ৩২ হাজার ১৫১ জনের নাম বিচারাধীনের তালিকা থেকে বাদ পড়েছে। হুগলি জেলার তালিকা থেকে এক লক্ষ ২০ হাজার ৮১৩ জনের নাম বাদ পড়েছে।

কলকাতা দক্ষিণ থেকে আগেই বাদ গিয়েছিল ২ লক্ষ ২১ হাজার ১৫১ জনের নাম। সোমবারের পর এই তালিকায় যুক্ত হল ২৮ হাজার ৪৬৮টি নাম। অর্থাৎ, বাদ গেল মোট ২ লক্ষ ৪৯ হাজার ৬১৯ জনের নাম। কলকাতা উত্তর থেকে বাদ গেল মোট ৪ লক্ষ ৪৭ হাজার ৪৭৫ জনের নাম। পূর্ব মেদিনীপুরে মোট নাম বাদ পড়ার সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৩৪৫।


Share