Mamata Banerjee

‘বালুকে ফাঁসানো হয়েছিল,’ হাবড়ার জনসভায় জ‍্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার দুপুরে নির্ধারিত সময়ের আগেই সভামঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জ‍্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ গোস্বামীর সমর্থনে বক্তব্য রাখেন। সেখানেই তৃণমূল সুপ্রিমো এমন মন্তব্য করেন।

জ‍্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ০৪:৩২

হাবড়া বিধানসভায় জ‍্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করেছে তৃণমূল। তিনি রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্ত হয়েছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ফেভারিট ক্যান্ডিডেট'। বিধানসভা ভোটে জেতাতে পারলে সব উজাড় করে দেবে সরকার। মঙ্গলবার হাবড়ায় ভোটপ্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতিই দিয়ে এলেন। মুখ্যমন্ত্রী বক্তব্য, রেশন দুর্নীতি মামলায় মিথ্যা অভিযোগ করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বালুকে ফাঁসানো হয়েছিল। ভুয়ো মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

এ দিন সভার শুরুতেই বালুর হয়ে ভোটপ্রার্থনা করেন মমতা। তিনিই স্পষ্টই জানিয়ে দেন, যত কুৎসা-বদনাম করা হোক না কেন, বালুই তাঁর প্রিয় প্রার্থী এবং পুরনো দিনের সঙ্গী। তৃণমূল নেত্রী বলেন, “বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে শুনছি। হাবড়ার প্রার্থীর নামে... জেনে রাখুন, আমার সরকারে বালু যত ভাল কাজ করেছে, এ কেউ করতে পারেনি। ওকে হিংসে করে গ্রেফতার করেছিল। কোনও প্রমাণ পায়নি। কেন গ্রেফতার করেছিল?”

এ প্রসঙ্গে সিপিএমকেও বিঁধেছেন মমতা। তিনি বলেন, “ওই পচা সিপিএম পার্টির দেড় লক্ষ নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল। সেগুলো ফল্‌স নামে রেশন দিত। এই চুরি ধরেছিল বালু। তাই ভুয়ো কেসে ফাঁসিয়েছে। ডিজিটাল রেশন কার্ডও জ্যোতিপ্রিয় মল্লিক করেছিল। এই কাজটা এত সোজা ছিল না। আগে রেশনের মাল পাচার হত। প্রত্যেকটা গাড়ি দেখা, সব বালু করেছিল। সেই ছেলেটাকে ফাঁসানো হয়েছিল।” 

তৃণমূল সুপ্রিমো আরও বলেন, “কারও কথা শুনে, কুৎসা-অপপ্রচার শুনে ভোট দেবেন না। উত্তর ২৪ পরগনার মানুষকে জিজ্ঞাসা করি, এসআইআরের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তো? এই অপমানের বদলা নেবেন কি নেবেন না? আগে যারা সিপিএম করত, এখন তারা বিজেপি করে। কংগ্রেস, বিজেপি, সিপিএম, তিনটেই সেম সেম।”


Share