Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা, প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল

শুক্রবার রাসবিহারীর প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি ও শ্বশুরবাড়িতে আয়কর হানার খবরের মাঝেই এলগিন রোডে মিরাজের বাড়িতেও তল্লাশির ঘটনা সামনে আসে। তৃণমূলের অভিযোগ, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদের প্রস্তাবক মীরাজ শাহ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৪:০২

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ এবং ভবানীপুরের তৃণমূল প্রার্থীর প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি চালানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদল রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে। এ নিয়ে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে আয়কর দফতরের হানা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। হারবে জেনে নির্লজ্জের মতো এসব করছে। ভোটের পরিবেশ নষ্ট করছে।”

মমতা মনোনয়ন জমা দেওয়ার দিন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে চার ভিন্ন ধর্মের চারজনকে প্রস্তাবক করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মিরাজ শাহও। শুক্রবার রাসবিহারীর প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি ও শ্বশুরবাড়িতে আয়কর হানার খবরের মাঝেই এলগিন রোডে মিরাজের বাড়িতেও তল্লাশির ঘটনা সামনে আসে। তৃণমূলের অভিযোগ, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে।

গত ৮ এপ্রিল বিধানসভা নির্বাচনে ভবানীপুরের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিংহ রানে। এছাড়াও উপস্থিত ছিলেন মিরাজ শাহ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম এবং ৭১ নম্বর ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট বাবলু সিংহ। ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ স্থানীয়ভাবে পরিচিত মুখ, এবং মমতার অনুরোধে প্রস্তাবক হতে রাজি হয়েছিলেন।

শুক্রবার কলকাতার সল্টলেক ও মিডলটন স্ট্রিট-সমেত মোট পাঁচটি জায়গায় আয়কর দফতরের তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ওই সব জায়গায় অনুসন্ধান হয়, যার মধ্যে দেবাশিস কুমারের বাড়িও রয়েছে। এর আগে তাঁকে ইডি তলব করেছিল।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক সভা থেকে মুখ্যমন্ত্রী সরব হন। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনের মুখে ভোটস্বার্থে কেন্দ্রীয় সংস্থা থেকে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে বিজেপি। তিনি বলেন, "এখানে বিজেপির বড় নেতা, জেড প্লাস নিয়ে ঘুরে বেড়ায়। সব হরিদাস! এক একজন ২০-২৫টা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়ায়। বাড়ি থেকে বেরোলে কেউ তাকিয়েও দেখে না এদের। এরা গুন্ডামি করছে সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে। তাদের কিন্তু নিরাপত্তা প্রত্যাহার করে না, শুধু তৃণমূলেরই হয়।’’ তিনি আরও বলেন, ‘‘ক’টা বিজেপির (নেতার) বাড়ি তল্লাশি হয়েছে, আমি জানতে চাই।”


Share