Assembly Election

মুর্শিদাবাদে তৃণমূলে ভাঙন, সিপিএমে যোগ দিল কয়েকশো পরিবার, ডোমকলে হাতছাড়া হল দলীয় কার্যালয়

অভিযোগ, এই দলবদলের পরেই মিছিল করে গিয়ে তৃণমূলের ওই পার্টি অফিসে নিজেদের পতাকা লাগিয়ে সেটির দখল নেন সিপিএম কর্মীরা। এ দিকে ওই ঘটনার পর থেকেই এলাকার পরিস্থিতি থমথমে।

তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিল কয়েকশো পরিবার।
নিজস্ব সংবাদদাতা, ডোমকল
  • শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০১:০৮

শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল ছেড়ে কয়েকশো পরিবার সিপিএমে যোগ দেন। আর তার জেরে তৃণমূলের হাতছাড়া হল দলীয় অফিস। 

ডোমকলের ১৯ নম্বরের ওয়ার্ড তৃণমূলের প্রাক্তন সভাপতি এনামুল মালিথা ওরফে বাবুর নেতৃত্বে প্রায় ৪০০টি পরিবার তৃণমূল ছেড়ে এ দিন সিপিএমের পতাকা হাতে নেন। ওই তৃণমূল কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা শাসকদলের সঙ্গে যুক্ত থাকলেও প্রাপ্য সম্মান পাচ্ছিলেন না। 

অভিযোগ, এই দলবদলের পরেই মিছিল করে গিয়ে তৃণমূলের ওই পার্টি অফিসে নিজেদের পতাকা লাগিয়ে সেটির দখল নেন সিপিএম কর্মীরা। এ দিকে ওই ঘটনার পর থেকেই এলাকার পরিস্থিতি থমথমে। 

এই যোগদানের পরে ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সংগঠন কার্যত নেতৃত্বহীন হয়ে পড়েছে বলে দাবি সিপিএমের।

ডোমকল শহর তৃণমূলের সভাপতি কামরুজ্জামান শেখ বলেন, “দুর্নীতি ও দল বিরোধী কাজের জন্য এনামুলকে ওয়ার্ড সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্ত দল থেকে তাড়ানো হয়নি। দলে গুরুত্ব না পেয়ে ঘরে বসে গিয়েছিল।” এই দলবদলে দলের কোনও ক্ষতি হবে না বলে দাবি তাঁর।


Share