Assembly Election

রিটার্নিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার হরিণঘাটা পুররসভার তৃণমূল কাউন্সিলর রাজীব দালাল

গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা রাজীবের গ্রেফতারিকে বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

ধৃত তৃণমূল কাউন্সিলরের নাম রাজীব দালাল
নিজস্ব সংবাদদাতা, হরিণঘাটা
  • শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৭:০৮

নদিয়া জেলার হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দালালকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে কল্যাণী থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ভোটকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে তাঁর বাড়িতে কল‍্যাণী থানার আধিকারিকেরা আসেন। তাঁর বাড়িতে বেশ কিছু ক্ষণ তল্লাশি চালানো হয়। তাঁকে আটক করা হয়। পরে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। রাজীব হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর।

তৃণমূল কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের সঙ্গে রাজীব দালালের বচসা হয়। রিটার্নিং অফিসারকে হুমকি দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সেই ঘটনার পরে নির্বাচন কমিশনের নির্দেশে কল্যাণী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তারই ভিত্তিতে পুলিশ শুক্রবার তাঁর বাড়িতে অভিযান চালায়। তল্লাশি শেষে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার দুপুরে ধৃত তৃণমূল কাউন্সিলরকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়। 

অন‍্য দিকে, স্বামীর গ্রেফতারি নিয়ে তৃণমূল কাউন্সিলর রাজীবের স্ত্রী সুজাতা দালাল ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, পুলিশ কোনও রকম নোটিস ছাড়াই বাড়িতে ঢুকে পড়েছিল। বাথরুম থেকে খাটের নীচে তল্লাশি চালায়। সেই সময় রাজীব বাড়িতেই ছিলেন। তিনি এই তল্লাশির প্রতিবাদ জানালে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

শাসকদলের এক কাউন্সিলরের গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কল্যাণী থানার সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, রাজীবকে সম্পূর্ণ বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে। এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নেওয়া হয়েছে। পরিস্থিতি ঘিরে উত্তেজনা বাড়ছে। পুলিশি নজরদারিও জোরদার করা হয়েছে।


Share