Assembly Election

প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, দু’পক্ষের হাতাহাতি, উত্তেজনা বনগাঁয়

২০২১-এ বনগাঁ উত্তর কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক হন অশোক কীর্তনিয়া। স্থানীয়দের অভিযোগ, বিধায়ক হওয়ার পর বিজেপি বিধায়কের দেখা মেলেনি। এ বারেও প্রার্থী হয়ে প্রচার শুরুর পর থেকেই বিক্ষোভের মুখে পড়ছেন অশোক।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ
  • শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৮:৪৩

সাত দিন আগে প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়েছিলেন বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। বৃহস্পতিবার সকালে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এ দিন বিদায়ী বিধায়কের কাছে স্থানীয় তৃণমূলের মহিলা কর্মীরা গত পাঁচ বছরে কী উন্নয়ন করেছেন তা জানতে চাইলে হাতাহাতি থেকে মারপিটে জড়িয়ে পড়েন বিজেপির কর্মীরা। বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুভাষনগরে ঘটনাটি ঘটেছে। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার প্রতিবাদে বনগাঁ থানার সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিধায়ক হন অশোক কীর্তনিয়া। তৃণমূলের অভিযোগ, বিধায়ক হওয়ার পর অশোকের দেখা মেলেনি। এ বারেও প্রার্থী হয়ে প্রচার শুরুর পর থেকেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ছেন বিজেপি প্রার্থী অশোক। এ দিন সুভাষনগরে দলের মহিলা কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করছিলেন অশোক কীর্তনিয়া। প্রচার চলাকালীন তৃণমূলের একদল মহিলা কর্মী বিদায়ী বিধায়কের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তৃণমূলের মহিলা কর্মীরা তাঁকে কটুক্তি করার করারও অভিযোগ ওঠে। এর পরেই দু'পক্ষে মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বিজেপি প্রার্থী হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

তৃণমূলের এক মহিলা কর্মী সন্ধ্যা দাসের দাবি, 'আমরা বিদায়ী বিধায়কের কাছে জানতে চেয়েছিলাম, আপনি উন্নয়নের কোন কাজটা গত পাঁচ বছরে করেছেন। এটা জিজ্ঞেস করতেই বিজেপির মহিলা কর্মীরা আমাদের মারধর করেছে।' অশোক বলেন, 'কাউন্সিলারের উপস্থিতিতে তৃণমূলের গুন্ডাবাহিনী প্রচারের প্রতি পদে বাধা দিচ্ছে আমাকে।' তৃণমূলের কাউন্সিলার পাপাই রাহা বলেন, ‘পাঁচ বছরের বিধায়কের সাহায্য পাননি মানুষ। সেটা জিজ্ঞেস করাতেই বিজেপির কর্মীরা মহিলাদের মারধর করে।’


Share