Assembly Election

‘জনতা বনাম মমতা, বিজেপি ক্ষমতায় আসছে,’ কলকাতায় এসে হুঙ্কার বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের

অনুরাগের বক্তব্য, “তিনি যুবকদের ভালো করেননি। অনুপ্রবেশকারীদের ভালো করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ মাফিয়া তৈরি করেছেন। বিজেপি সরকার এলেই এটা বন্ধ করা হবে।”

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৪:০৯

এ বারের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই জনতার বিরুদ্ধে। রাজ্যের মানুষ একতরফা ভাবে তৃণমূলের বিরুদ্ধে রায় দেবে। কলকাতায় বিজেপির হয়ে ভোটপ্রচারে এসে এমনটাই দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। 

বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের দাবি, রাজ্যে বেকারের সংখ্যা বাড়েছে। আমরা সরকার বানাব। সরকারের এসেই তিন হাজার টাকা বেকারদের দেওয়া হবে। মহিলাদেরও বরাদ্দ বৃদ্ধি করা হবে। রাজ্যে শিল্প বৃদ্ধি করা হবে। বেকারদের ভাতা বৃদ্ধি করানো হবে। যারা চাকরি হারিয়েছেন তাঁদের জন‍্য পাঁচ বছরের ছাড় দেওয়া হবে। নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ করা হবে।

বিজেপি সাংসদ অনুরাগের কথায়, আমরা যুবকেরা শুধু চাকরি করবে তা নয়, তাঁরা যাতে চাকরি দিতেও পারে তার ব‍্যবস্থা করা হবে। বিজেপি সাংসদের দাবি, রাজ্যে বেকার যুবকের সংখ্যা ৪৫ শতাংশ, স্নাতকোত্তর পরে বেকার রয়েছেন ৪৬ শতাংশ, ডিপ্লোমা করে বেকার রয়েছেন ৩১ শতাংশ। দিনের পর দিন বেকারের সংখ্যা বেড়ে চলেছে। এ ছাড়াও, ৩৪ শতাংশ যুবক রাজ‍্যের বাইরে চলে গিয়েছে। তৃণমূল রাজ্যে কাজ তৈরি করেনি বরং কাজের ক্ষেত্রকে শেষ করার কাজ করেছে বলেও দাবি করেন বিজেপি সাংসদ।

অনুপ্রবেশ নিয়েও তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ। অনুরাগের বক্তব্য, “তিনি যুবকদের ভালো করেননি। অনুপ্রবেশকারীদের ভালো করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ মাফিয়া তৈরি করেছেন। বিজেপি সরকার এলেই এটা বন্ধ করা হবে। আমার পশ্চিমবঙ্গ ঋণে জর্জরিত। রাজ‍্যের ঋণের বোঝা ৭.৭২ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। নতুন কেই জন্মালে ৭০ হাজার ২০০ টাকার ঋণ নিয়ে জন্মাচ্ছে। রাজ‍্য থেকে শিল্প চলে গিয়েছে। সাত থেকে ১০ নম্বরে নেমে গিয়েছে। তৃণমূল ক্ষমতায় এলে ২০ নম্বরে চলে আসবে।”

তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, আতঙ্ক (টি- টেরর), আর্থিক তছরুপ (এম- মানি লন্ডারিং) এবং কাটমানি (সি)। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে হেরে পালিয়েছেন। ৭৭ জন তৃণমূলের বিদায়ী বিধায়ক টিকিট পাননি। তৃণমূলের গুন্ডাদেরই দল ভয় পাচ্ছে। জনতা যে ভাবে জেগে উঠছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। সেই কারণেই প্রতিদিন হারের কথা বলছেন। 

অনুরাগ ঠাকুরের দাবি, অনুপ্রবেশ বন্ধ হলে সবই বন্ধ হবে। ওরা বাংলায় রেশন, জায়গা সব খেয়ে ফেলেছে। এতে যুবকদের ক্ষতি হচ্ছে। মোদী সরকার এলেই সম্ভব হবে। এক মাত্র ভরসা বিজেপি। 

এর পরেই অনুরাগ ঠাকুর বলেন, “এ বারের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জনতার। রাজ‍্যবাসী তৃণমূল থেকে মুক্তি পেতে চায়। ট্রেনে বাসে করে কাউকেই আনার দরকার নেই। ৪মে তৃণমূল কংগ্রেস হারবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হারবেন। ৪ মে-র পরে নতুন সূর্যের উদয় হবে। পদ্মফুল ফুটবেই।”


Share