Election Commission

সন্ধ্যা ছ'টা থেকে সকাল ছ'টা বাইক চলাচল বন্ধ, বাইক মিছিলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল কমিশন

কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের দু’দিন আগে সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত বাইক চালানো গেলেও, সেই সময়ে বাইকের পিছনে কোনও যাত্রী বসানো যাবে না। একই নিয়ম প্রযোজ্য থাকবে ভোটের দিনও।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৫:৫৭

ভোটের দু’দিন আগে থেকেই মোটরবাইক ব্যবহারের উপর কড়া বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময় কোনও ধরনের বাইক মিছিল করা যাবে না। পাশাপাশি সন্ধ্যা ছ'টা থেকে সকাল ছ'টা পর্যন্ত বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ভোটের দিনও বাইক ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের দু’দিন আগে সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত বাইক চালানো গেলেও, সেই সময়ে বাইকের পিছনে কোনও যাত্রী বসানো যাবে না। একই নিয়ম প্রযোজ্য থাকবে ভোটের দিনও। তবে সেদিন শুধুমাত্র ভোট দিতে যাওয়া বা জরুরি কাজে বেরোলে তবেই বাইক ব্যবহারের অনুমতি মিলবে।

তবে কিছু ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল করা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন, পারিবারিক জরুরি কাজ বা শিশুদের স্কুলে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রেও বাইক ব্যবহারে ছাড় রাখা হয়েছে।

এ ছাড়া, বিশেষ কোনও প্রয়োজনে ছাড় পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। এই নির্দেশ সংবাদপত্র, টেলিভিশন ও সামাজিকমাধ্যমে ব্যাপক ভাবে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এই বিজ্ঞপ্তি জারি করেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই বিধিনিষেধ কঠোর ভাবে মানার উপর জোর দিয়েছে কমিশন।


Share