Assembly Election

কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কায় জখম ডেলিভারি বয়, সাহায্যের হাত বাড়ালেন কংগ্রেস প্রার্থী

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান, পাশাপাশি ঘটনাকে ঘিরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

জখম ডেলিভারি বয়।
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১০:০৭

বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক ডেলিভারি বয়। সোমবার কার্জন গেট সংলগ্ন জি টি রোডে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, দুর্ঘটনার পর আহত যুবককে রাস্তায় ফেলে রেখে গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডেলিভারি বয় স্কুটি নিয়ে কার্জন গেট থেকে বীরহাটার দিকে যাচ্ছিলেন। সেই সময় মিউনিসিপ্যাল বয়েজ় হাই স্কুলের সামনে কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি ঘোরানো হচ্ছিল। তখনই স্কুটিতে আচমকা ধাক্কা লাগে। ধাক্কার জেরে যুবক রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর জখম হন তিনি। তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনীর গাড়িটি তাঁকে ধাক্কা মারার পর কোনো রকম সাহায্য করেননি। উপরন্তু, দ্রুত গাড়িটি সেখান থেকে চলে যায়।

ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেই সময় এলাকায় নির্বাচনী প্রচারে থাকা কংগ্রেস প্রার্থী গৌরব সমাদ্দারও সাহায্যের জন্য এগিয়ে আসেন। তিনি আহতের চিকিৎসার ব্যবস্থা করেন।

এই ঘটনার পর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।


Share