Minor Molestation

প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, আসানসোলে গ্রেফতার সিআইএসএফ জওয়ান

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সিআইএসএফ ক্যাম্প ঘেরাও ও রাস্তা অবরোধ করে। রাতে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১২:০২

এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। রবিবার রাতে পশ্চিম বর্ধমানের আসানসোলের লালবাজার এলাকায় ঘটনাটি ঘটে। নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম রমাকান্ত বিশ্বকর্মা।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই এলাকায় একটি কয়লাখনির নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন। ২০২৬- এর ভোটের ডিউটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। অভিযোগ, বিকেলের দিকে স্থানীয় সিআইএসএফ ক্যাম্প সংলগ্ন একটি বাগানে ওই নাবালিকা আম কুড়োতে গিয়েছিল। সেই সময় অভিযুক্ত জওয়ান ক্যাম্পেই উপস্থিত ছিলেন। প্রলোভন দেখিয়ে তিনি নাবালিকাকে নিজের ঘরে ডাকেন। কিশোরী ঘরে ঢুকতেই তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করা হয়। আতঙ্কে মেয়েটি চিৎকার শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত সেখান থেকে স্কুটি নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বাড়ি ফিরে নাবালিকা ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা শীতলপুরের সিআইএসএফ ক্যাম্প ঘেরাও করেন। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান। এমনকি ক্যাম্পের তিন নম্বর গেটের সামনে রাস্তা অবরোধও করা হয়।

পরিস্থিতি সামাল দিতে সাকতোরিয়া ফাঁড়ির ইনচার্জ বিনয় দাস ঘটনাস্থলে পৌঁছোন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলতে অনুরোধ করেন। তবে স্থানীয়রা সাফ জানিয়ে দেন, অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

শেষ পর্যন্ত রাত সাড়ে দশটা নাগাদ পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্ত রমাকান্ত বিশ্বকর্মাকে গ্রেফতার করে। এরপরই বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। পুলিশ জানিয়েছে, নাবালিকার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ শুরু হয়েছে।


Share