Nomination of Swapna Barman

আইনি জটিলতা কাটিয়ে মনোনয়ন জমা দিলেন রাজগঞ্জের ভূমিকন্যা স্বপ্না, জলপাইগুড়ি মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা করেন তিনি

সোমবার সরকারি অফিস থেকে বেরিয়ে স্বপ্না বলেন, ‘‘অনেক স্ট্রাগল আর ত্যাগের পর আজ মনোনয়ন জমা দিলাম। আগেই পদত্যাগপত্র পাঠিয়েছিলাম, আজ সব জটিলতা কাটল।’’

স্বপ্না বর্মন
নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ
  • শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৩:১৫

বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে রাজ্য জুড়ে। এ আবহে দীর্ঘ আইনি জটিলতার পর মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। তিনি রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিনই তিনি জলপাইগুড়ি মহকুমাশাসকের দফতরে গিয়ে নিজের আবেদন পত্র পেশ করেন।

রেলের চাকরি থেকে ইস্তফা দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই স্বপ্নার প্রার্থীপদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রেলের তরফ থেকে তাঁর বিরুদ্ধে কিছু অভিযোগ আসে। তারপরেও নির্বাচন কমিশন রবিবার জানিয়ে দেয় তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতা বা দুর্নীতির কোনও অভিযোগ না থাকার কারণে ভোটে লড়তে তাঁর কোনও বাধা নেই। সোমবার সরকারি অফিস থেকে বেরিয়ে স্বপ্না বলেন, ‘‘অনেক স্ট্রাগল আর ত্যাগের পর আজ মনোনয়ন জমা দিলাম। আগেই পদত্যাগপত্র পাঠিয়েছিলাম, আজ সব জটিলতা কাটল।’’

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এদিন সকালে স্বপ্না বর্মন ভ্রামরীদেবীর মন্দিরে পুজো দেন। তিনি বলেন, ‘‘আমি এই মাটিরই মেয়ে। খেলাধুলোর জগৎ থেকে মানুষের সেবায় এসেছি। এ বার কোনও বাধা নেই, সরাসরি মানুষের কাছে গিয়ে প্রচার শুরু করব।’’

অপরদিকে, আইনি জটিলতার আশঙ্কায় বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়কেও ব্যাক-আপ প্রার্থী হিসেবে তৈরি রাখা হয়েছিল। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো তিনিও মনোনয়নের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তবে স্বপ্নার মনোনয়ন সুনিশ্চিত হওয়ার পর সেই সম্ভাবনা মিটে যায়। যদিও এদিনের কর্মসূচিতে খগেশ্বরকে দেখা যায়নি। তবে দলীয় সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে ব্যস্ত থাকার কারণেই তিনি উপস্থিত থাকতে পারেননি এবং দলের মধ্যে কোনও বিরোধ নেই। 


Share