NIA

মোথাবাড়িকাণ্ডে নবান্নে উদ্বেগ, এনআইএ রিপোর্টে উঠে এল একাধিক অসঙ্গতি

এই রিপোর্ট ঘিরে নবান্নেও উদ্বেগ বাড়ছে। কারণ, মোথাবাড়ির ঘটনার দিন রাজ্যের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। রাজ্যের মুখ্য সচিব, ডিজি এবং জেলার এসপি-ডিএমদের শো’কজ করা হয়েছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মোথাবাড়ি
  • শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৪:৪৬

মোথাবাড়িকাণ্ডে তদন্তে বড় মোড়। বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর হামলার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর প্রাথমিক রিপোর্ট এ বার পৌঁছচ্ছে সুপ্রিম কোর্টের হাতে। সূত্রের খবর, এনআইএর আইজি সোনিয়া সিংহ ২৫ পাতার বিস্তারিত রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন এবং সোমবারই সেই রিপোর্ট শীর্ষ আদালতে জমা পড়ার কথা। হামলার আগে ও পরে কী ঘটেছিল, প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর ছিল সবটাই এখন আদালতের নিবিড় পর্যবেক্ষণে।

এই রিপোর্ট ঘিরে নবান্নেও উদ্বেগ বাড়ছে। কারণ, মোথাবাড়ির ঘটনার দিন রাজ্যের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। রাজ্যের মুখ্য সচিব, ডিজি এবং জেলার এসপি-ডিএমদের শো’কজ করা হয়েছিল। প্রশাসনিক মহলের একাংশের আশঙ্কা, রিপোর্টের ভিত্তিতে আদালত আরও কড়া পদক্ষেপ করতে পারে।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, রিপোর্টে আক্রান্ত বিচারকদের বয়ানের পাশাপাশি মোথাবাড়ি এলাকার ২২ জন বুথ লেভেল অফিসারের বক্তব্যও গুরুত্ব দিয়ে নথিভুক্ত করা হয়েছে। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে একাধিক অসঙ্গতির উল্লেখ রয়েছে বলেও জানা যাচ্ছে। তদন্তকারীদের দাবি, ঘটনার দিন প্রকৃত পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল এবং প্রশাসনিক গাফিলতি ছিল কি না, তার একটি পূর্ণাঙ্গ চিত্র রিপোর্টে তুলে ধরা হয়েছে।

এর আগেই এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। আদালতে স্পষ্ট ভাষায় বলা হয়েছিল, বিচারবিভাগীয় আধিকারিকরাই যদি নিরাপদ না হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। বিচার ব্যবস্থার উপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছিল।

প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাও আরও সক্রিয় করার ইঙ্গিত দিয়েছিল আদালত। তাই আজ এনআইএ-র রিপোর্ট খতিয়ে দেখার পর শীর্ষ আদালত কী পর্যবেক্ষণ দেয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

উল্লেখ্য, গত বুধবার রাতে মোথাবাড়িতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া খতিয়ে দেখতে গিয়ে বিচার বিভাগীয় আধিকারিকরা উত্তেজিত জনতার হামলার মুখে পড়েন। অভিযোগ, তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং হেনস্থা করা হয়। সেই ঘটনার পরই আদালত তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয়।

সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনের আবহে মোথাবাড়িকাণ্ড রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে নতুন করে চাপ বাড়াচ্ছে।


Share