Assembly Election

ভোট দিতে গিয়ে মৃত্যু এক মহিলার! এসআইআর-এর দুশ্চিন্তা, দাবি তৃণমূলের

বৃহস্পতিবার সকালে তিনি ভোট দিতে গিয়েছিলেন। সেখান থেকে ভোট দিয়ে বেরোনের পরেই এমন ঘটনা। ইসরাতন বিবির বাড়িতে রয়েছেন তাঁর স্বামী শেখ নবাবজান আলি, দুই ছেলে এবং দুই মেয়ে।

মৃত ভোটারের ভোটার কার্ড।
নিজস্ব সংবাদদাতা, কেশপুর
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০১:৩৪

ভোট দিতে গিয়ে মৃত্যু হল ভোটারের। কেশপুর বিধানসভার দিঘা বুথে ভোট দিয়ে বেরনোর পরে মারা গেলেন এক মহিলা ভোটার। মৃতের নাম ইসরাতন বিবি। তিনি কেশপুরের সীমাগেরিয়ার বাসিন্দা। বয়স পঞ্চাশের কাছাকাছি। তৃণমূলের অভিযোগ, এসআইআর-এর জন্য বাড়ির বাকি সদস্যদের নাম কাটা গিয়েছে। সেই দুশ্চিন্তাতেই তিনি মারা গিয়েছেন।

বৃহস্পতিবার সকালে তিনি ভোট দিতে গিয়েছিলেন। সেখান থেকে ভোট দিয়ে বেরোনের পরেই এমন ঘটনা। ইসরাতন বিবির বাড়িতে রয়েছেন তাঁর স্বামী শেখ নবাবজান আলি, দুই ছেলে এবং দুই মেয়ে। তাঁর স্বামী শেখ নবাবজান আলির নাম এসআইআরে বাদ গিয়েছে। দীর্ঘদিন ধরে সেই চিন্তায় ভুগছিলেন তিনি। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে নাম কাটার পরেও ভোট কেন দিতে বেরিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে।

মৃত্যুর খবর জানার পরেই, ওই এলাকার তৃণমূল প্রার্থী শিউলি সাহা মৃতের বাড়িতে যান এবং পরিবারকে সমবেদনা জানান। শিউলি সাহা বলেন, ‘এটা গণতন্ত্রের লজ্জা। ভোটের দিন এমন দেখতে হবে ভাবিনি।" পরিবারের কারও নাম নেই, খুব টেনশনে ছিলেন। তিনি আজ ভোট দিয়ে মারা গেলেন। লজ্জা হোক জ্ঞানেশ কুমারের।’ শিউলি অভিযোগ, ইসরাতন ছাড়া পরিবারের বাকি সবার নাম কাটা গিয়েছিল, তা নিয়ে চিন্তায় ছিলেন ওই মহিলা। যদিও পরিবারের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র ইসরাতনের স্বামী নবাবজানের নামই তালিকা থেকে কাটা গিয়েছিল।


Share