Fraud

ভুয়ো পুলিশ পরিচয়ে বিয়ে, শক্তিপুর থেকে গ্রেফতার যুবক

নিজেকে পুলিশকর্মী পরিচয় দিয়ে বিয়ে করার অভিযোগে মুর্শিদাবাদের শক্তিপুর থেকে গ্রেফতার। হলেন বীরভূমের বাসিন্দা কামালউদ্দিন মির্জা।

তদন্তে শক্তিপুর থানার পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৩:২৫

মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় নিজেকে পুলিশকর্মী বলে পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ে করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে শক্তিপুর থানার পুলিশ। ধৃতের নাম কামালউদ্দিন মির্জা। তাঁর বাড়ি বীরভূম জেলার লাভপুর থানার হাতিয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন শক্তিপুর থানার লাহারপাড়া গ্রামের এক তরুণীর সঙ্গে কামালউদ্দিনের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের আগে তিনি নিজেকে পুলিশ বিভাগের কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। তবে বিয়ের পর তাঁর পরিচয় নিয়ে সন্দেহ দেখা দেয়। তরুণীর পরিবারের সদস্যরা বিষয়টি যাচাই করতে শুরু করেন।

তদন্তে পরিবারের দাবি, কামালউদ্দিন কোনও পুলিশকর্মী নন। এরপর ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিয়ে করার অভিযোগ তুলে শক্তিপুর থানায় তরুণীর পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দায়ের করেন তরুণীর।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। প্রাথমিক তদন্তে অভিযোগের যথেষ্ট ভিত্তি মিলেছে বলে পুলিশ জানিয়েছে। এরপর অভিযুক্ত কামালউদ্দিন মির্জাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি শক্তিপুর থানার পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত এর আগে একই ধরনের বা অন্য কোনও প্রতারণামূলক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


Share