Road Accident

হাওড়ার রাজাপুরে মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর

তিন চাকা মালবাহী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন শেখ সাইন ও শেখ আশিক । পরে হাসপাতালে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০২:৩৪

হাওড়ার রাজাপুর থানা এলাকার ঘোষালচকে পথ দুর্ঘটনায় দুই যুবক প্রাণ হারালেন। রবিবার রাতে ঘটনাটি ঘটে। মৃতদের নাম শেখ সাইন (২৩) ও শেখ আশিক (২৩)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় দু’জনের মাথায় কোনও হেলমেট ছিল না।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার রাত প্রায় ৯টা নাগাদ সাইন ও আশিক একটি বাইকে চেপে ঘোষালচকের একটি পেট্রল পাম্পে যাচ্ছিলেন। পেট্রল পাম্পে ঢোকার মুখেই উল্টোদিক থেকে আসা একটি তিন চাকা মালবাহী গাড়ি বাইকটিতে সজোরে ধাক্কা মারে। তীব্র ধাক্কায় দু’জনেই বাইক থেকে ছিটকে পড়েন। পুলিশ জানিয়েছে, একজন যুবক রাস্তার ধারে থাকা একটি কালভার্টের ওপর পড়ে যান, অন্যজন ছিটকে গিয়ে পাশের একটি গাছে সজোরে ধাক্কা খান। ঘটনাস্থলেই দু’জন গুরুতর আহত হন। দুর্ঘটনা চোখে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয় ।

রাজাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়।সেখান থেকে আহতদের উদ্ধার করা হয়। তাঁদের প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে রাজাপুর থানার পুলিশ।


Share