Youth Beaten Up

কুলতলিতে গাছ থেকে কুল পাড়াকে কেন্দ্র করে চলল গুলি, গুরুতর জখম দু’জন, আশঙ্কাজনক এক

স্থানীয় বাসিন্দা গুলি চালানোর কথা বললেও পুলিশ এখনও তা নিশ্চিত করেনি। জেলা পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন, এ পর্যন্ত গুলি চলার কোনও প্রমাণ মেলেনি। কী হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কুলতলি
  • শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১১:৫৭

গাছ থেকে কুল পাড়াকে কেন্দ্র করে চলল গুলি। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ঘটনাটি ঘটেছে। দু’পক্ষের অশান্তিতে দু’জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে এক জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

শনিবার কুলতলি থানার মেরিগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। সেখানে গাছ থেকে কুল পাড়া নিয়ে রফিকুল মোল্লা, নাজমুল হক মোল্লা, হাকিমুল মোল্লার মধ‍্যে বচসা শুরু হয়। তিন জনই সেখানকার হালদারপাড়ার বাসিন্দা। অভিযোগ, এর এক পর্যায়ে রফিকুল বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। বন্দুকের বাট দিয়ে নাজমুল এবং হাকিমুলকে মারধর করেন। মাথা ফেটে দু’জনই রক্তাক্ত হন। তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা গুলি চালানোর কথা বললেও পুলিশ এখনও তা নিশ্চিত করেনি। জেলা পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন, এ পর্যন্ত গুলি চলার কোনও প্রমাণ মেলেনি। কী হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। কুলতলি থানার পুলিশ রফিকুলকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। তবে ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। অশান্তি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


Share