Accident

বহরমপুর স্টেশনে আচমকা ভেঙে পড়ল আর্থিং-এর লোহার পাত, জখম সাতজন যাত্রী

এই ঘটনায় ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি বলে রেল সূত্রে জানা গিয়েছে।

বহরমপুর স্টেশনে ভেঙে পড়ল লোহার পাত।
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর
  • শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ০৬:৩৭

সোমবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুর স্টেশনে লোহার পাত ভেঙে জখম হলেন অন্তত সাত জন যাত্রী। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য স্টেশন চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে রেল পরিষেবা স্বাভাবিক ছিল বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য এক নম্বর প্ল্যাটফর্মে বহু যাত্রী অপেক্ষা করছিলেন। সেই সময় আচমকাই প্ল্যাটফর্মের শেডের পাশে থাকা বিদ্যুতের আর্থিং-এর লোহার পাত ভেঙে নিচে পড়ে যায়। হঠাৎ এই ঘটনায় প্ল্যাটফর্মে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোহার পাতের আঘাতে সাত জন যাত্রী আহত হন।

খবর পেয়ে দ্রুত রেল কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে স্টেশনের পরিবেশ স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি বলে রেল সূত্রে জানা গিয়েছে।


Share