Road Accident

সাত সকালে শান্তিপুরে পথদুর্ঘটনা, বড় গাড়ির ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর রোডে ঢালাই মসজিদের সামনে ভোর প্রায় ৪টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে পড়ে রয়েছে স্কুটিটি
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০২:৫১

নদিয়ার শান্তিপুরে সাত সকালে পথদুর্ঘটনা। মৃত্যু হল এক স্কুটি চালকের। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর রোডে ঢালাই মসজিদের সামনে ভোর প্রায় ৪টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসীর দাবি, একটি ব্যাটারিচালিত স্কুটিকে দ্রুতগতির কোনও বড় গাড়ি ধাক্কা মারে। সংঘর্ষের জেরে স্কুটি চালক গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত স্কুটিটি রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায়। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিচয় জানার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

সাত সকালে এই পথদুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শান্তিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share