Saokat Molla

ঘটনাস্থলে থেকে প্রমাণ লোপাটের নির্দেশ, ভাঙড়ে বোমা বিস্ফোরণের মূলচক্রী শওকত মোল্লা, তৃণমূল নেতাকে পেশ করা হবে বিচারভবনে

ইতিমধ্যেই শওকত মোল্লার শারীরিক পরীক্ষা করা হয়েছে। শনিবার শওকত মোল্লাকে বিচারভবনে হাজির করানো হবে। তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে এনআইএ সূত্রে জানা গিয়েছে।

গ্রেফতার শওকত মোল্লা।
নিজস্ব সংবাদদাতা, ভাঙড়
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১২:০৭

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলার মূল অভিযুক্ত শওকত মোল্লা। এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এনআইএ। শনিবার দুপুরে ধৃত তৃণমূলের প্রাক্তন বিধায়কে আদালতে পেশ করা হবে। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে।

শুক্রবার রাতে ক‍্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে অবৈধ বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় বোমা প্রস্তুতকারীর মৃত্যু হয়। কয়েক জন গুরুতর হয়েছিলেন। সেই তদন্ত করতে গিয়ে শওকতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ তাঁরা পেয়েছেন। এই মামলায় আগে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। এনআইএ সূত্রের খবর, এই মামলায় গ্রেফতার হওয়া চতুর্থ অভিযুক্ত শওকত মোল্লাই মূল ষড়যন্ত্রকারী ছিলেন। তিনি অন্য অভিযুক্তদের বোমা তৈরির নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি বিস্ফোরণের পর ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করে দেওয়ার জন‍্য বাকি অভিযুক্তদের নির্দেশ দিয়েছিলেন।

তদন্ত আরও জানা গিয়েছে, এই মামলায় আরেক যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল, সে বিস্ফোরণের পর নিহত ও জখমদের নিজের স্করপিও গাড়িতে করে অন‍্যত্র পাচার করে দিয়েছিল। তাই গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। এই ঘটনার কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এনআইএ।

উল্লেখ্য, বিধানসভা স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে রাজ্য পুলিশের কাছ থেকে এই মামলার তদন্তভার গ্রহণ এনআইএ করেছিল। বৃহস্পতিবার এনআইএ ক‍্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজ চিরুনি তল্লাশি চালায়। যদিও সেদিন তাঁকে খুঁজে পাওয়া যায়নি। জানা গিয়েছে, শুক্রবার শওকত নিজেই নিউ টাউনের এনবিসিসি স্কোয়ারে এনআইএর দফতরে এসে আত্মসমর্পণ করার জন্য ইচ্ছা প্রকাশ করেন। সেই মতো বেরোন। কিন্তু মাঝপথেই বারুইপুরের কাছে এনআইএ শওকত মোল্লাকে গ্রেফতার করেছে।

ইতিমধ্যেই তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। শনিবার শওকত মোল্লাকে বিচারভবনে হাজির করানো হবে। তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে এনআইএ সূত্রে জানা গিয়েছে।


Share