Accident

ভোরের জাতীয় সড়কে দুর্ঘটনা! লরির পিছনে ঢুকে দুমড়েমুচড়ে গেল পিকআপ ভ্যান, প্রাণ গেল বীরভূমের বাসিন্দার

ভোরের দিকে কৃষ্ণনগরের পালপাড়া মোড় এলাকায় পৌঁছোতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৪:০০

নদিয়ার কৃষ্ণনগরে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। শনিবার ভোরে পালপাড়া মোড়ের কাছে মাছবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় বীরভূমের বাসিন্দা অরুণ লেটের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৈহাটি থেকে মাছ নিয়ে বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পিকআপ ভ্যানটি। ভোরের দিকে কৃষ্ণনগরের পালপাড়া মোড় এলাকায় পৌঁছোতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে পিকআপ ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। উদ্ধারকাজ চালিয়ে গাড়ির ভিতর থেকে চালক-সহ মোট নয়জনকে বের করে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা অরুণ লেটকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত আরও সাতজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে চালক ঘুমিয়ে পড়েছিলেন। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share