Heavy Rain

রাতভর বৃষ্টিতে নবদ্বীপে পুরোনো বাড়ির একাংশ ধস, ইট-পাথর পড়ে ব্যাহত যান চলাচল

সৌভাগ্যবশত ঘটনায় কোনও হতাহতের খবর নেই। শহরের অন্যান্য বিপজ্জনক পুরোনো বাড়ি দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

একটি পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ল।
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ০৬:৪৬

রাতভর টানা বৃষ্টির জেরে নদিয়ার নবদ্বীপে একটি পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ল। ধসে পড়া বাড়ির ইট ও নির্মাণসামগ্রী রাস্তায় ছড়িয়ে পড়ায় সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও সৌভাগ্যবশত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ঘটনাটি ঘটেছে নবদ্বীপ শহরের বাগচিপাড়া মোড় সংলগ্ন এলাকায়। খবর পেয়ে নবদ্বীপ ট্রাফিক বিভাগের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন। পরিস্থিতি খতিয়ে দেখে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

বাড়ির মালিক জানান, টানা রাতভর প্রবল বৃষ্টি হচ্ছে। তার জেরেই বাড়িটির দীর্ঘদিনের পুরোনো একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। তবে যে অংশটি ধসে পড়েছে সেখানে কেউ বসবাস করতেন না। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বিষয়টি ইতিমধ্যেই নবদ্বীপ পৌরসভাকে জানানো হয়েছে। পাশাপাশি, রাস্তায় ইট ও ভাঙা নির্মাণসামগ্রী ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হয়েছে। তাই পৌরসভার কর্মীদের অপেক্ষা না করে নিজেদের উদ্যোগেই শ্রমিক লাগিয়ে ধ্বংসাবশেষ সরানোর ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, বাড়িটির ওই অংশ দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। টানা বৃষ্টির জেরে দুর্বল কাঠামো আর চাপ সহ্য করতে পারেনি। ফলে সেটি ভেঙে পড়ে। ঘটনার পর আশপাশের বাসিন্দাদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, শহরের অন্যান্য জরাজীর্ণ বাড়িগুলিও দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।


Share