Newborn Baby Recovery

সাত সকালে ডোবা থেকে উদ্ধার সদ্যজাত শিশু, তদন্তে পুলিশ

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও নোংরা অবস্থায় থাকায় ওই ডোবায় সাপ ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব রয়েছে। সেই ডোবা থেকেই সদ্যোজাত শিশু উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে এলাকায়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০১:১৮

সাতসকালে নোংরা ডোবা থেকে সদ্যজাত শিশু কন্যা উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রের খবর, বস্তাবন্দি অবস্থায় কেউ বা কারা রাতের অন্ধকারে শিশুটিকে ফেলে রেখে গেছে। ঘটনাটি ঘটেছে, শান্তিপুর থানার ফুলিয়া পরেশনাথপুর দাসপাড়া এলাকায়। তড়িঘড়ি শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার, আনুমানিক সকাল সাড়ে নয়টার সময় স্থানীয় বাসিন্দারা এলাকায় একটি ডোবায় বস্তাবন্দী অবস্থায় কিছু পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁরা তড়িঘড়ি বস্তাটি উদ্ধার করে। বস্তার মুখ খুলতেই সকলের চোখ কপালে ওঠে। বস্তার ভিতরে ছিল এক সদ্যোজাত শিশুকন্যা। এরপর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছে। পরে সেখান থেকে তাঁকে রানাঘাট আনুলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

স্থানীয়দের অনুমান, শিশুটির বয়স মাত্র কয়েক ঘণ্টা। কে বা কারা এই সদ্যোজাত শিশুকন্যাটিকে বস্তায় ভরে ডোবায় ফেলে রেখে গেছে, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন। তাঁরা ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে। 

উল্লেখ্য, পরেশনাথপুর দাসপাড়া এলাকায় বাঁশবাগানের পাশে একাধিক ডোবা রয়েছে। যেখানে সাধারণত মাছ চাষ করা হয়। তবে যে ডোবাটি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখানে মাছ চাষ হয় না। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও নোংরা অবস্থায় থাকায় ওই ডোবায় সাপ ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব রয়েছে। সেই ডোবা থেকেই সদ্যোজাত শিশু উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে এলাকায়।


Share