Rajarhat Blast

উন্মুক্ত ঘটনাস্থল! তথ‍্যপ্রমাণ নষ্টের আশঙ্কা, নারায়ণপুর থানার আইসির কাছে জবাব তলব করল বিধাননগর পুলিশ কমিশনারেট

পুলিশ সূত্রের খবর, সংশ্লিষ্ট থানার ওসিকে শো-কজ করা হয়েছে। কী হয়েছিল তা বিস্তারিত ভাবে জানতে চাওয়া হয়েছে।

রাজারহাটে বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, রাজারহাট
  • শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ০৯:৫৬

বিস্ফোরণের ঘটনার পর থেকে ঘেরাই হয়নি ঘটনাস্থল। ফলে ওই ঘরে কী হয়েছে দেখতে একাধিক লোক ঢুকে পড়েছে। তাই ঘটনাস্থলের তথ‍্যপ্রমাণ নষ্ট হয়ে যেতে পারে তদন্তকারীদের আশঙ্কা করছেন। পুলিশ সূত্রের খবর, সংশ্লিষ্ট থানার ওসিকে শো-কজ করা হয়েছে। কী হয়েছিল তা বিস্তারিত ভাবে জানতে চাওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগানের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দু’টি তাজাবোমাও উদ্ধার করেছে বোম্ব স্কোয়াড। অভিযোগ, ঘটনার পর থেকেই কী হয়েছে দেখতে লোকজন ঘটনাস্থলে ঢুকেছে। তদন্তকারীদের আশঙ্কা, বিস্ফোরণস্থের মতো ‘ক্রাইম সিন’ থেকে তথ‍্যপ্রমাণ নষ্ট হতে পারে। কেন ঘটনার পরেই কেন এলাকাটি ঘিরে রাখা হল না তা নিয়ে পুলিশ মহলেই প্রশ্ন উঠেছে।

বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রের খবর, নারায়ণপুর থানা আইসি নিজের দায়িত্ব পালনে কিছুটা উদাসীন ছিলেন। তাই তাঁকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই আইসির কাছ থেকে ঘটনার বিবরণ চেয়ে পাঠানো হয়েছে। কেন ঘটনাস্থল ঘেরা হল না তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। তা জানানোর জন্য সময়ও বেধে দেওয়া হয়েছে।

শুক্রবার রাতের ঘটনার পর থেকে মূল অভিযুক্ত মহম্মদ শামিম পলাতক ছিল। শামিম দক্ষিণ নারায়ণপুরের ওই বাড়িটি ভাড়া নিয়েছিল। দু’দিন আগেই সে বাড়িতে থাকতে শুরু করেছিল। শামিম আদতে কামারহাটির বাসিন্দা। এ দিন দুপুরে বিধাননগর পুলিশের একটি বিশেষ দল কামারহাটির ঠিকানায় অভিযান চালায়। সেখান থেকেই শামিমকে গ্রেফতার করা হয়েছে। রবিবার শামিমকে আদালতে হাজির করানো হবে।


Share