Train Breakdown

সাতসকালে ট্রেন বিভ্রাট, ট্রেনের চাকা জ্যাম হয়ে প্রায় আধঘন্টা দাঁড়িয়ে যায় ডাউন বর্ধমান লোকাল

জানা গিয়েছে, সকাল ৭ টা ৯ মিনিটে চুঁচুড়া ঢোকার কথা ছিল ডাউন বর্ধমান লোকালের। হুগলি স্টেশন ছাড়ার পরেই ট্রেনটির চাকা জ্যাম অর্থাৎ ব্রেক বাইন্ডিং হয়ে যায়। ফলে, ট্রেনটি ওখানেই দাঁড়িয়ে পড়ে। প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১১:৪০

সপ্তাহের শেষ কাজের দিনে ট্রেন বিভ্রাট। শনিবার সাতসকালে চাকা জ্যাম হওয়ায় বিকল হল ডাউন বর্ধমান লোকাল। এর জেরে ট্রেনে থাকা যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। পরে বাধ্য হয়ে যাত্রীরা অন্য ট্রেনে উঠে গন্তব্যে রওনা দেন। হুগলির চুঁচুড়ায় ঘটনাটি ঘটেছে। রেল সূত্রের খবর, বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, সকাল ৭ টা ৯ মিনিটে চুঁচুড়া ঢোকার কথা ছিল ডাউন বর্ধমান লোকালের। হুগলি স্টেশন ছাড়ার পরেই ট্রেনটির চাকা জ্যাম হয়ে যায়। একে রেলের পরিভাষায় ব্রেক বাইন্ডিং বলা হয়। ফলে, ট্রেনটি ওখানেই দাঁড়িয়ে পড়ে। প্রায় আধ ঘণ্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকে।

পরে, চুঁচুড়া স্টেশনে ডাউন ব্যান্ডেল লোকাল ঢুকলে আটকে পড়া ট্রেনের যাত্রীরা নেমে ওই ট্রেনেটি ধরেন। যদিও ব্যান্ডেল লোকালও এ দিন নির্ধারিত সময়ের পনেরো মিনিট পরে চুঁচুড়ায় ঢোকে। এর জেরে ওই শাখার যাত্রীদের গন্তব্যে পৌঁছোতে প্রায় ঘণ্টাখানেক দেরি হয়। গরমের দিনে এমন ট্রেন বিপত্তির জেরে বিরক্ত যাত্রীরা।

ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়ারেরা পৌঁছোন। পরে ব্রেকের সমস্যা ঠিক করা হয়। তার পরে ডাউন বর্ধমান লোকাল হাওড়ার দিকে রওনা দেয়। সকালে ট্রেনের এই বিপত্তিতে সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, “কেন এই সমস্যা তা তিনি খতিয়ে দেখবেন। তদন্ত হবে।”


Share