Weather Update

৪৮ ঘণ্টায় ৫ ডিগ্রি নামল পারদ, উত্তুরে হাওয়ায় শীতের আমেজ শহর জুড়ে, শীতের কাঁটা হয়ে দাঁড়াবে কানি?

উত্তুরে হাওয়ার দাপটে মাত্র ৪৮ ঘণ্টায় ৫ ডিগ্রি পারদ নেমে শহর কলকাতা-সহ গোটা রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ তৈরি হয়েছে। তবে এই মনোরম শীতের পথে কাঁটা হতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘কানি’।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ১২:০৭

ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি কাটতেই রাজ্যে অবাধ প্রবেশ ঘটেছে উত্তুরে হাওয়ার। আর তার জেরেই জাঁকিয়ে শীতের আমেজ মিলতে শুরু করেছে শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে মহানগরের তাপমাত্রা কমেছে মোট ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার আগের দিনের তুলনায় পারদ নেমেছিল ৩ ডিগ্রি, আর বৃহস্পতিবার সকালেও তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমেছে।

তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার দাপট। আবহাওয়া দফতর জানিয়েছে, ভোরের দিকে কুয়াশার কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। তবে আগামী চার-পাঁচ দিন উত্তর ও দক্ষিণ— উভয় বঙ্গেই আবহাওয়া শুষ্ক থাকবে।

শীতের আমেজ অনুভূত হচ্ছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েক দিনে জেলাগুলির তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৮ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম। বৃহস্পতিবার সারাদিন শহরের আবহাওয়া মোটের ওপর এমনই মনোরম থাকবে। আকাশ মেঘমুক্ত ও রোদঝলমলে থাকার পাশাপাশি আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে শীতের মাঝেই কাঁটা হয়ে দাঁড়াবে কি কানি? আবহাওয়া সূত্রে খবর আগামী ২৯ নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা আগামী ৩ ডিসেম্বর নাগাদ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘কানি’ তৈরি হতে পারে, যা ৪ বা ৫ ডিসেম্বরের মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টির সঠিক অভিমুখ এবং বঙ্গে এর প্রভাব কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়।


Share