Railway Update

ব্যান্ডেল-কাটোয়া শাখায় শনিবার ১৪টি লোকাল বাতিল, ৫ ঘণ্টা পিছল ইন্টারসিটি এক্সপ্রেসের সময়

লেভেল ক্রসিংয়ের পরিবর্তে ‘লিমিটেড হাইট সাবওয়ে’ নির্মাণের জন্য ওই দিন আপ ও ডাউন লাইনে মোট ৩৬০ মিনিটের ‘ট্রাফিক অ্যান্ড পাওয়ার ব্লক’ নেওয়া হবে। এর জেরে বাতিল থাকছে ১৪টি লোকাল ট্রেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ১২:০৬

ব্যান্ডেল-কাটোয়া শাখায় রেললাইনের কাজের জেরে আগামী ২৮ নভেম্বর, শনিবার ট্রেন চলাচলে বড়সড় নিয়ন্ত্রণ করা হচ্ছে। লেভেল ক্রসিংয়ের পরিবর্তে ‘লিমিটেড হাইট সাবওয়ে’ নির্মাণের জন্য ওই দিন আপ ও ডাউন লাইনে মোট ৩৬০ মিনিটের ‘ট্রাফিক অ্যান্ড পাওয়ার ব্লক’ নেওয়া হবে। এর জেরে বাতিল থাকছে ১৪টি লোকাল ট্রেন। শুধু লোকাল নয়, প্রভাব পড়বে দূরপাল্লার ট্রেন চলাচলেও। পাঁচ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে মালদহ টাউন-হাওড়া এবং হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের সময়সূচি।

রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনের কাটোয়া ও দাঁইহাটা স্টেশনের মধ্যবর্তী ২১/১/সি/ই নম্বর লেভেল ক্রসিং গেটের পরিবর্তে এলএইচএস নির্মাণের কাজ হবে। সেই কারণেই শনিবার সকাল ৯টা ২০ মিনিট থেকে বিকেল ৩টে ২০ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এই কাজের জন্য ২৮ নভেম্বর যাত্রা শুরু করার কথা থাকা ১৩৪৬৬ নম্বর মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৩৪৬৫ নম্বর হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের সময় পাঁচ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

বাতিল হওয়া লোকাল ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া-কাটোয়া ৩৭৯১৩, ৩৭৯১৫ ও ৩৭৯১৭; ব্যান্ডেল-কাটোয়া ৩৭৭৪৭, ৩৭৭৪৯ ও ৩৭৭৫১ এবং শিয়ালদহ-কাটোয়া ৩১১১১ নম্বর ট্রেন। একইভাবে বাতিল থাকবে কাটোয়া-হাওড়া ৩৭৯২২, ৩৭৯২৪ ও ৩৭৯২৬; কাটোয়া-ব্যান্ডেল ৩৭৭৪৪, ৩৭৭৪৬ ও ৩৭৭৪৮ এবং কাটোয়া-শিয়ালদহ ৩১১১২ নম্বর লোকাল।

রেলের এক আধিকারিক জানিয়েছেন, একাধিক জায়গায় কাজের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই দিন ব্যান্ডেল-কাটোয়া শাখার যাত্রীদের স্টেশনে যাওয়ার আগে ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


Share