Theft

এন্টালি থানার এক কিলোমিটারে মধ‍্যে থাকা মোবাইলের শোরুমে চুরি, খোয়া গেল ৪৫ লক্ষ টাকার বেশি মোবাইল, পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন

জানা গিয়েছে, গত সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে। অভিযোগপত্র অনুযায়ী, ওই দিন ভোররাত ৩টে থেকে ৪টের মধ্যে কয়েক জন দুষ্কৃতী শাটারের তালা ভেঙে প্রবেশ করে। তার পরেই শোরুমে থাকা মোট ১২৩টি মোবাইল ফোন চুরি করে নিয়ে চম্পট দেয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ০৯:১৮

খাস কলকাতায় শোরুম থেকে চুরি হল লক্ষাধিক টাকার মোবাইল ফোন। এন্টালি থানার এক কিলোমিটারের মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি দোকানে থাকা নগদ টাকাও চুরি হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এন্টালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, গত সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে। অভিযোগপত্র অনুযায়ী, ওই দিন ভোররাত ৩টে থেকে ৪টের মধ্যে কয়েক জন দুষ্কৃতী শাটারের তালা ভেঙে প্রবেশ করে। তার পরেই শোরুমে থাকা মোট ১২৩টি মোবাইল ফোন চুরি করে নিয়ে চম্পট দেয়। পর দিন শোরুমের কর্মীরা এসে দেখতে পান শাটারের তালা ভেঙে পড়ে রয়েছে। ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। মোবাইল ফোন উধাও হয়ে গিয়েছে।

মঙ্গলবার রাতে শোরুমের মহিলা ম‍্যানেজার রাবিয়া খাতুন এন্টালি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ১২৩টি ফোন লুট হয়ে গিয়েছে। চুরি যাওয়া মোবাইল ফোনগুলির বাজারমূল্য ৪৫ লক্ষ ৮০ হাজার ৬১৯ টাকা। পাশাপাশি দোকানে রাখা নগদ ২৬ হাজার ৬৪০ টাকা নিয়েও চোরেরা পালিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন।

পুলিশ দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এ ছাড়াও, এলাকার বিভিন্ন জায়গায় বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরেদের শনাক্ত করার চেষ্টা চলছে। ভারতীয় ন‍্যায় সংহিতার ৩০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

থানার এক কিলোমিটারে মধ‍্যে থাকা মোবাইলের দোকানে চুরির ঘটনায় রাতের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি থানার নজরদারি এড়িয়ে এই বিপুল পরিমাণ মোবাইল ফোন চুরির ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে এখনও লালবাজারের কোনও বিবৃতি পাওয়া যায়নি।


Share