Assembly Election

সিপিএমের প্রার্থী পছন্দ না, দলের অভ্যন্তরেই গোষ্ঠী কোন্দল! পার্টি অফিসের ভিতরে ভাঙচুর চালাল কর্মী-সমর্থকদের একাংশ

তাদের দাবি, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। এ বিষয়ে সিপিএম জেলা কমিটির সদস্য এসএম সাদি জানান, তেমন কিছু ঘটনা ঘটেনি। তবে প্রার্থী নিয়ে একটু ক্ষোভ-বিক্ষোভ আছে। সেটা দলীয় স্তরে মিটিয়ে নেওয়া হবে।

তামান্নার মা সাবিনা ইয়াসমিন।
নিজস্ব সংবাদদাতা, কালীগঞ্জ
  • শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১২:১৫

প্রার্থী পছন্দ না হওয়ায় সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ সিপিএম কর্মীদের বিরুদ্ধেই। নদিয়ার কালীগঞ্জের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে সিপিএমের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সাবিনা ইয়াসমিনকে। কালীগঞ্জ উপনির্বাচনে ফলাফল ঘোষণার দুপুরে বোমার আঘাতে মৃত্যু হয়েছিল তমন্নার। তারই মা এই সাবিনা। সিপিএম তাঁকে প্রার্থী করলেও দলের একাংশের এই প্রার্থী পছন্দ নয় বলেই খবর। তারই প্রতিবাদে মঙ্গলবার সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। আর তাতে নাম জড়ায় সিপিএমের কর্মীদেরই একাংশের।

সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ১৯২ জন বাম প্রার্থীর নাম ঘোষণা করেন। কালীগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করার সময়ে বিমান বসু বলেন, ‘কালীগঞ্জে প্রার্থী হচ্ছেন এক শহিদ কন্যার মা, সাবিনা ইয়াসমিন।’

২০২৫ সালে কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন বিজয় মিছিল করে তৃণমূল। অভিযোগ, সেই মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় ৯ বছরের ছোট্ট তমন্নার। সেই ঘটনার পরে বার বার পথে নেমেছেন সাবিনা। বিচার চেয়ে লড়াই করেছেন, দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন। সেই সাবিনাকে প্রার্থী করে সিপিএম চমক দিলেও, স্থানীয় কর্মীদের একাংশের সেই প্রার্থী তালিকা পছন্দ হয়নি। তার জেরেই পার্টি অফিসে ভাঙচুর বলে অভিযোগ।

মঙ্গলবার সিপিএম কর্মীদের একাংশই দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। তাদের দাবি, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। এ বিষয়ে সিপিএম জেলা কমিটির সদস্য এসএম সাদি জানান, তেমন কিছু ঘটনা ঘটেনি। তবে প্রার্থী নিয়ে একটু ক্ষোভ-বিক্ষোভ আছে। সেটা দলীয় স্তরে মিটিয়ে নেওয়া হবে।


Share