Accident

ফের বীরভূমে খাদান ধস, মৃত্যু তিনজন শ্রমিক, আহত বহু, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সোমবার কাজ চলাকালীন আচমকাই ধস নামে। তাতে ১২-১৪ জন শ্রমিক পাথরের নিচে চাপা পড়েন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে।

খাদান
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৩:০৭

ফের পাথর খাদানে ধসের ঘটনা। এবার মুরারই থানার গোপালপুর এলাকায় খাদান দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত তিন জন শ্রমিক। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সোমবার এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে খাদানটিতে দুর্ঘটনা ঘটেছে, সেটির মালিকানায় রয়েছেন বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সিরাজুল ইসলাম। এদিন খাদানে কাজ চলাকালীন আচমকাই মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। সেই সময় সেখানে প্রায় ১২ থেকে ১৪ জন শ্রমিক কাজ করছিলেন। ধস নামতেই অধিকাংশ শ্রমিকই পাথরের নিচে চাপা পড়েন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। এখনও কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গত বছরের সেপ্টেম্বর মাসে নলহাটি এলাকায় একই ধরনের একটি দুর্ঘটনায় পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। আবারও একি ঘটনা বীরভূম অঞ্চলে সারা ফেলেছে। ফের আবারও একবার খাদানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, খাদানটি অবৈধ। দ্রুত মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে তাঁদের তরফে জানানো হয়েছে। দলের নেতা ধ্রুব সাহা জানিয়েছেন, নির্বাচনী আদর্শ বিধি কার্যকর থাকা সত্ত্বেও কীভাবে এই ধরনের কাজ চলছিল, তা খতিয়ে দেখা দরকার। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রথম অগ্রাধিকার ঘটনায় আহতদের চিকিৎসা ও পরিস্থিতি সামাল দেওয়া।


Share