Pakistan-Afganistan War

আফগানিস্তানের কাবুলের একটি হাসপাতালে বিমান হামলা! ঘটনায় মৃত্যু ৪০০ জনের, অভিযোগের তীর পাকিস্তানের দিকে

তালিবান সরকাররের দাবি, সোমবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ ওই হামলা চালানো হয়। এই হামলা চালানো হয়েছে ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে। ২ হাজার শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে মাদকাসক্তদের চিকিৎসা করা হয়।

কাবুলের হাসপাতালে বিমান হামলা।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১০:৫৭

কাবুলের একটি হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা। ঘটনায় অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে। অভিযোগ, পাকিস্তান ওই বিমান হামলা চালিয়েছে। যদিও হামলার দায় স্বীকার করেনি পাকিস্তান। 

আফগানিস্তান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাতের দাবি, একটি রিহ্যাব হাসপাতালে হামলা চালায় পাকিস্তান। ঘটনায় ২৫০ জন আহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। যদিও আফগানিস্তানের তালিবান সরকারের এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

তালিবান সরকাররের দাবি, সোমবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ ওই হামলা চালানো হয়। এই হামলা চালানো হয়েছে ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে। ২ হাজার শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে মাদকাসক্তদের চিকিৎসা করা হয়। হামলার ফলে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র বা হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছে। ক্রমেই সমাজ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, আগুনে ঢেকে গিয়েছে পুরো এলাকা।

উদ্ধারকারী দল বর্তমানে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং নিহতদের অবশিষ্ট মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।

প্রসঙ্গত, সোমবারই আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই হয়। ওই সংঘর্ষে চার জন আফগানিস্থানের নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তার পরেই এই বিমান হামলা হয়। এই হামলার কড়া নিন্দা করেছে তালিবান সরকার। এই হামলাকে মানবিক নীতির সম্পূর্ণ বিরোধী বলেও জানিয়েছে তারা।

তালিবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানিয়েছেন, আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ওই হামলা চালিয়েছে ইসালামাবাদ। হতাহতরা সকলেই ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও জানিয়েছেন তিনি।যদিও কাবুলের ওই হাসপাতালে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তাঁদের দাবি,শুধুমাত্র কাবুলেই নয়, হামলা চালানো হয়েছে পূর্ব আফগানিস্তানেও। তবে কোন সাধারণ নাগরিক বা লোকালয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শেরিফের মুখপাত্র মোশারফ জিয়াদির দাবি, আফগানিস্তানে থাকা জঙ্গিদের পরিকাঠামো লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে পাকিস্তানের সেনা।


Share