Accident

মাঠ থেকে গরু আনতে গিয়ে বাজ পড়ে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল পান্ডুয়া থানার সিভিক ভলেন্টিয়ার বাপ্পা মুখোপাধ্যায়ের। একইসঙ্গে বাজের আঘাতে একটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে।

চিকিৎসকেরা বাপ্পাকে মৃত বলে ঘোষণা করেন।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০২:৪১

বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বাপ্পা মুখোপাধ্যায় (৪০)। বাপ্পা সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার সকালে পান্ডুয়ায় ঘটনাটি ঘটেছে। 

রবিবার সকাল থেকে রাজ্যের সব জেলায় চলছে বৃষ্টি। এই পরিস্থিতিতে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়েছিলেন বাপ্পা। খোলা মাঠে সেই সময় তাঁর ওপর বাজ পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রের খবর, বাপ্পা পান্ডুয়া এলাকার সিমলাগড়-তালবোনা এলাকার বাসিন্দা। ঘটনার পরে স্থানীয়েরা তড়িঘড়ি ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাজের আঘাতে একটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে। 

দীর্ঘদিন ধরে বাপ্পা পান্ডুয়া থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বাড়িতে বাপ্পার চার ভাই রয়েছেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমেছে এসেছে। 

সহকর্মীরা জানিয়েছেন, বাপ্পা কর্তব্যপরায়ণ ছিলেন। সবার সঙ্গে মিশতেন।

বাপ্পার দাদা সজল মুখোপাধ্যায় বলেন, “ভাই মাঠে গরু আনতে গিয়েছিল। তখনই আচমকা বাজ পড়ে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু মৃত বলে দেন। দীর্ঘদিন ধরে পান্ডুয়া থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করত।”

পান্ডুয়া থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠিয়েছে।


Share