Road Accident

হাওড়ার জগৎবল্লভপুরে বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, ক্ষোভে পথ অবরোধ স্থানীয়দের

গুরুতর জখম অবস্থায় তাঁকে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় বিক্ষোভ ও ভাঙচুর চালিয়ে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানান।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৭:২৩

হাওড়ার জগৎবল্লভপুরে বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। মঙ্গলবার সকালে আমতা–রানিহাটি রোডের লালগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম কিংশুক ভুঁইয়া (২২)। তাঁর বাড়ি রাজাপুর থানার সত্যপীরতলা এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় বিক্ষোভ দেখান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিংশুক মঙ্গলবার সকালে বাইক নিয়ে আমতা–রানিহাটি রোড ধরে আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্কের দিকে যাচ্ছিলেন। সেই সময় এয়ারপোর্টমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা বাস থেকে যাত্রীদের নামিয়ে ভাঙচুর চালান। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে আমতা থানার চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পরে জগৎবল্লভপুর থানার পুলিশও সেখানে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমতা–রানিহাটি রোডে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাঁদের দাবি, বাস ও ডাম্পারের চালকরা প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চালান। তার জেরেই বারবার এমন ঘটনা ঘটছে। ঘটনায় তাঁরা রাস্তায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবিও জানিয়েছেন।


Share