Shoot Out

ফের হাওড়ায় শুটআউট, সালকিয়ায় রেস্তোরাঁর সামনে চলল গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক

লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য যুবক প্রাণে বেঁচে যান। ঘটনায় জড়িত দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০১:৩৭

হাওড়ায় ফের গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত সালকিয়া চৌরাস্তা এলাকায় ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ তিন যুবক একটি রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করতে বসেছিলেন। তাঁরা হলেন আকাশ যাদব, ভিকি দোলুই এবং রাহুল পাল। সেখানেই হঠাৎ কোনও বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, রেস্তোরাঁ থেকে বেরোনোর পর আকাশ আচমকা পকেট থেকে রিভলভার বের করে। তৎক্ষণাৎ রাহুলকে লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে অল্পের জন্য রাহুল প্রাণে বেঁচে যান।

গুলির শব্দে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গোলাবাড়ি থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা পৌঁছোয়। পুলিশ ইতিমধ্যেই আকাশ ও ভিকিকে আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরোনো কোনও শত্রুতার জেরেই এই হামলার চেষ্টা হতে পারে। অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র কীভাবে এল, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

উল্লেখ্য, মাস খানেক আগেই একই থানার পিলখানা এলাকায় এক প্রোমোটারকে গুলি করে খুনের ঘটনা ঘটেছিল। পরপর এমন ঘটনায় হাওড়া শহরের নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।


Share