Fire Incident

আন্দুলের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দোতলা-তিনতলায় ছড়াল লেলিহান শিখা! ভিতরে আটকে বহু বাসিন্দা

প্রাথমিক ভাবে বেশ কয়েক জন বাসিন্দাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আবাসনের ভিতরে আর কেউ আটকে রয়েছেন কি না, দমকলকর্মীরা তা খতিয়ে দেখছেন।

আন্দুলের আবাসনে অগ্নিকাণ্ড।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৬ আগস্ট ২০২৬ ০২:৪৬

হাওড়ার আন্দুলের মৌড়িগ্রামের আমতলায় একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে আবাসনের দোতলা ও তিনতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়তে শুরু করে। আবাসনের ভিতরে বেশ কয়েক জন বাসিন্দা আটকে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছোয়। আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ শুরু হয়। প্রাথমিক ভাবে বেশ কয়েক জন বাসিন্দাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আবাসনের ভিতরে আর কেউ আটকে রয়েছেন কি না, দমকলকর্মীরা তা খতিয়ে দেখছেন।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। আগুনের জেরে আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আবাসনের ভিতরেও ধোঁয়া ছড়িয়ে পড়ায় দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকল সূত্রে খবর, আবাসনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল জানিয়েছে।


Share