Fire Incident

হাওড়ার আন্দুলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল বৃদ্ধার, ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ১২ জনকে উদ্ধার করল দমকল, ভর্তি করা হল হাসপাতাল

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করেনি দমকল। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আবাসনের অগ্নিনির্বাপণের ব‍্যবস্থা ছিল না বলেই দমকল সূত্রের দাবি।

আন্দুলের আবাসনে অগ্নিকাণ্ড।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৬ আগস্ট ২০২৬ ০৪:১২

হাওড়ার আন্দুলের আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের বেশির ভাগেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

বুধবার দুপুরে হাওড়ার আন্দুলের মৌড়িগ্রামের আমতলায় একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ওই আবাসনের দোতলায় আগুন লাগে। সেই আগুন তিনতলায় ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে পড়ে গোটা এলাকা। আবাসনের ভিতরে বেশ কয়েক জন বাসিন্দা আটকে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছোয়। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ শুরু হয়। ঘটনায় এক বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওই আবাসনের অন্তত ১২ জনকে উদ্ধার করা হয়। তাঁদের আপাতত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃদ্ধার পরিচয় এখনও স্পষ্ট করেনি পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করেনি দমকল। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আবাসনের অগ্নিনির্বাপণের ব‍্যবস্থা ছিল না বলেই দমকল সূত্রের দাবি।


Share