Attempt to Suicide

নবদ্বীপ মহাশ্মশানে অদ্ভুত ঘটনা, মৃতদেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঝাঁপ যুবকের, অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি করা হল হাসপাতালে

নবদ্বীপ মহাশ্মশানে মৃতদেহ দাহের সময় মৃতার নাতি বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঢোকার চেষ্টা করলে চাঞ্চল্য ছড়ায়। শ্মশানকর্মী ও উপস্থিতদের তৎপরতায় তাঁকে উদ্ধার করে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে

এক যুবক মৃতদেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঢুকে পড়ার চেষ্টা করে।
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ২১ জুলাই ২০২৬ ১০:৪৪

নবদ্বীপ মহাশ্মশানে মৃতদেহ দাহ করার সময় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক যুবক মৃতদেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেন। শ্মশানকর্মী ও উপস্থিত শ্মশানযাত্রীদের তৎপরতায় তাঁকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

সোমবার গভীর রাতে নবদ্বীপ মহাশ্মশানে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গেদে সীমান্ত এলাকার এক মহিলার মৃতদেহ দাহ করতে সেখানে নিয়ে আসা হয়েছিল। বৈদ্যুতিক চুল্লিতে প্রবেশ করানোর জন্য মৃতদেহটি একটি ট্রলিতে রাখা ছিল। সেই সময় আচমকাই মৃতার নাতি, ইন্দ্রজিৎ বিশ্বাস (৩০), ট্রলির ওপর থাকা মৃতদেহের ওপর ঝাঁপিয়ে পড়েন। ট্রলিটি ইতিমধ্যেই খোলা বৈদ্যুতিক চুল্লির ভিতরে প্রবেশ করতে শুরু করেছে।

ঘটনায় মুহূর্তের মধ্যেই শ্মশানে হইচই পড়ে যায়। উপস্থিত শ্মশানকর্মী ও অন্যান্য শ্মশানযাত্রীরা দ্রুত ছুটে আসেন। ইন্দ্রজিৎকে চুল্লির সামনে থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনেন। তবে ততক্ষণে তাঁর চোখ, মুখ-সহ শরীরের বেশ কয়েকটি অংশ পুড়ে গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দ্রুত নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্দ্রজিতের শারীরিক অবস্থার বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ঘটনার সময় যুবকটি মদ্যপ অবস্থায় ছিলেন। অন্য দিকে, পরিবারের দাবি, তিনি মানসিক ভাবে অসুস্থ থাকায় এমন আচরণ করেছেন। ঠিক কী কারণে তিনি মৃতদেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঢোকার চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপ মহাশ্মশানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।


Share