Swasthya Bhawan

আইসিইউ বেড নিয়ে আর লুকোছাপা নয়! কত শয্যায় রোগী, কতগুলি ফাঁকা— হাসপাতাল চত্বরেই টাঙাতে হবে তথ্যের বোর্ড

রাজ্যের স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, হাসপাতাল চত্বরে দৃশ্যমান জায়গায় টাঙাতে হবে আইসিইউ বেডের তথ্যসংবলিত বোর্ড। এই নির্দেশিকা শুধু সরকারি হাসপাতালের জন্য নয়, মানতে হবে সমস্ত বেসরকারি হাসপাতালকেও।

স্বাস্থ্য ভবন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ০৩:১১

হাসপাতালে মোট কতগুলি আইসিইউ বেড রয়েছে, তার মধ্যে কতগুলিতে রোগী ভর্তি রয়েছেন এবং কতগুলি শয্যা ফাঁকা— এ বার সেই সমস্ত তথ্যই প্রকাশ্যে রাখতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। রাজ্যের স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, হাসপাতাল চত্বরে দৃশ্যমান জায়গায় টাঙাতে হবে আইসিইউ বেডের তথ্যসংবলিত বোর্ড। এই নির্দেশিকা শুধু সরকারি হাসপাতালের জন্য নয়, মানতে হবে সমস্ত বেসরকারি হাসপাতালকেও।

হাসপাতালের আইসিইউ বেড সংক্রান্ত একটি মামলায় গত মে মাসে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের পরিপ্রেক্ষিতেই নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালের এমন জায়গায় ‘স্ট্যান্ডার্ড ডিসপ্লে সিস্টেম’ চালু করতে হবে, যেখানে সহজেই নজরে পড়বে ওই বোর্ড। সেখানে শুধু কতগুলি আইসিইউ বেড ফাঁকা রয়েছে, তা জানালেই হবে না। ভেন্টিলেটর-সহ কতগুলি আইসিইউ বেড রয়েছে এবং ভেন্টিলেটর ছাড়া কতগুলি শয্যা রয়েছে, সেই তথ্যও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এর ফলে রোগী ও তাঁদের পরিজনরা হাসপাতালের আইসিইউ পরিষেবা এবং শয্যার প্রাপ্যতা সম্পর্কে সহজেই জানতে পারবেন।

রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে এই নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর। নির্দেশিকা অমান্য করলে কড়া পদক্ষেপ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি, হাসপাতালগুলিকে নিজেদের আইসিইউ পরিষেবার পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনও খামতি থাকলে দ্রুত তা মেরামত করে পরিষেবা স্বাভাবিক করার কথাও বলা হয়েছে।

আইসিইউ বেডের অভাবে সঙ্কটজনক রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। চিকিৎসক আইসিইউতে ভর্তির পরামর্শ দিলেও শয্যা না থাকায় বিপাকে পড়েন রোগীর পরিবারের সদস্যরা। অনেক সময় কোনও হাসপাতালে কতগুলি আইসিইউ বেড রয়েছে বা কতগুলি শয্যা খালি আছে, তা জানারও উপায় থাকে না। অভিযোগ, সরকারি হাসপাতালগুলিতে আইসিইউ বেড পেতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়তে হয় রোগীদের। বাধ্য হয়ে অনেককে বেসরকারি হাসপাতালে ছুটতে হয়। কিন্তু সেখানে আইসিইউতে রেখে চিকিৎসা করানোর বিপুল খরচ বহন করা বহু পরিবারের পক্ষেই সম্ভব হয় না।

এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকা কার্যকর হলে আইসিইউ বেডের প্রাপ্যতা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বিশেষত সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিজনদের উপকার হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহলের একাংশ।


Share