Drowning

শান্তিপুরের গঙ্গার ঘাটে মোবাইল দেখতে গিয়ে তলিয়ে গেল কলেজছাত্র, ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি

নিখোঁজ যুবক শান্তিপুর কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া এবং ভিডিওগ্রাফির কাজের সঙ্গেও যুক্ত ছিলেন।

গঙ্গার ঘাটে তলিয়ে গেল এক কলেজ ছাত্র
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫

গঙ্গার ঘাটে বসে মোবাইলে ভিডিও দেখার সময় বিপত্তি। অসাবধানতাবশত জলে পড়ে তলিয়ে গেল এক কলেজছাত্র। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরের দেবীতলা গঙ্গার ঘাট এলাকায়। নিখোঁজ যুবকের বাড়ি শান্তিপুরের দেবীতলা এলাকাতেই। তিনি শান্তিপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি ভিডিওগ্রাফি ও ক্যামেরা সংক্রান্ত কাজও করতেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বনগাঁ থেকে বাড়ি ফেরার পর খাওয়া-দাওয়া সেরে বাইক নিয়ে বেরিয়ে যান ওই যুবক। পরে দেবীতলা গঙ্গার ঘাটে পৌঁছে মোবাইলে কিছু দেখছিলেন। সেই সময় তিনি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গার জলে পড়ে যান। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের কাকা গোবিন্দ সরকার জানান, ঘটনার খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা দ্রুত গঙ্গার ঘাটে পৌঁছোন। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়। বর্তমানে গঙ্গায় তাঁর অনুসন্ধান চালানো হচ্ছে।

নিখোঁজ যুবকের বাবা পেশায় পাইপলাইনের মিস্ত্রি। ছেলের এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগে পরিবার। গঙ্গার ঘাটে এখনও চলছে তল্লাশি।


Share